রংপুর, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম) - রংপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগে করা একটি মামলায় রোববার পাউবো'র এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুরে রংপুরের বিচার বিভাগীয় হাকিম এবিএম তোফায়েল আহম্মেদের আদালতে তাকে হাজির করা হয়। হাকিম জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার ঠিকাদার মোহসীন আলী পাউবো'র নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলামকে লাঞ্ছিত করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ মামলার বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে কয়েকজন ঠিকাদার চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে।
শনিবার ওই প্রকৌশলী বাদী হয়ে মোহসীন আলী ও হাসানসহ কয়েকজন ঠিকাদারের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার ভোরে মোহসীন আলীকে গ্রেপ্তার করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পাউবো কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
এদিকে মোহসীন আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে ঠিাকাদাররা বেলা সাড়ে ১১টার দিকে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আমিনুল ইসলামের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করে।
ঠিকাদার খোরশেদ আলম, মোয়াজ্জেম হোসেন লাভলু, মকবুল হোসেনসহ বেশ কয়েকজন এ মামলা দায়ের করাকে দুঃখজনক বলে উল্লেখ করে মোহসীন আলীর মুক্তি দাবি করেন।
এ ব্যাপারে পাউবোর প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৭ ঘ.
bdnews24