ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা এলাকার হোসেন মার্কেটে রোববার সকালে সন্ত্রাসীদের গুলিতে দুইজন আহত হয়েছেন।
পুশিলের ধারণা, চাঁদার দাবিতে ব্যবসায়ীদের ভয় দেখাতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে।
মার্কেটের কয়েকজন জানিয়েছেন, চাঁদা না পেয়ে স্থানীয় সন্ত্রাসী 'মিয়া ভাই' এ ঘটনা ঘটাতে পারে।
আহতরা হলেন- পুরাতন রড ব্যবসায়ী আশকর আলী (৩৫) ও গ্রিল মিস্ত্রি কামাল হোসেন (২৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে হোসেন মার্কেটের ব্যবসায়ীরা দোকান খুলছিলেন। এ সময় ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল দোকানগুলো লক্ষ করে এলোপাতাড়ি গুলি করে।
তিনি বলেন, "এতে আশকরের বাম পাঁজরে ও বাম হাতে এবং কামালের ডান পাঁজরে গুলি লাগে।"
এসআই রাজ্জাক জানান, স্থানীয় কিছু সন্ত্রাসী ব্যবসায়ীদের কাছে দোকানপ্রতি পাঁচ লাখ টাকা করে চাঁদা চেয়ে আসছিল। সে টাকার দাবিতে ব্যবসায়ীদের ভয় দেখাতে রোববার সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আহত কামালের সহকর্মী বাহারউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল মার্কেটের সামনে এসে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। এতে তার সহকর্মী সালাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মী কামাল পাঁজরে গুলিবিদ্ধ হন। এছাড়া পার্শ্ববর্তী দোকানের পুরাতন রড ব্যবসায়ী আশকরও গুলিতে আহত হন।
তিনি বলেন, স্থানীয় সন্ত্রাসী 'মিয়া ভাই' কয়েকদিন আগে প্রত্যেক দোকান থেকে ফোনে পাঁচ লাখ করে টাকা চান। টাকা না দেওয়া সে এ ঘটনা ঘটাতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কেটের একজন ব্যবসায়ী জানান, ঢাকা মেডিকেলে আসার পর ফোন করে সন্ত্রাসী মিয়া ভাই তাকে বলেন, "কীরে, টাকা দিলি না? এইবার দেখ, তোদের অবস্থা কী হয়।"
এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এমআই/১৬০০ ঘ.
bdnews24