২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত সম্মেলনের মধ্যেই বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত সম্মেলন শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই রোববার সকালে দিনাজপুরে ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। আরেকজনকে হত্যা করা হয়েছে চুয়াডাঙ্গা সীমান্তে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 09:22 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত সম্মেলন শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই রোববার সকালে দিনাজপুরে ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। আরেকজনকে হত্যা করা হয়েছে চুয়াডাঙ্গা সীমান্তে। বিডিআর-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন সকাল ১০টায় রাজধানীর বিডিআর সদর দপ্তরে শুরু হয়। এ সম্মেলনে বিএসএফের 'হত্যা' নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম সম্মেলনের আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সীমান্তে কোনও নাগরিককে গুলি চালিয়ে হত্যা না করে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য বিএসএফকে বলা হয়েছে। যা কার্যকরের জন্য সম্মেলনে বিশেষ অনুরোধ করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: দিনাজপুর: সাড়ে ১০টায় দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফের গুলিতে ইয়াকুব আলী নামে এক ব্যক্তি মারা যায় বলে বিডিআর কর্মকর্তারা জানিয়েছেন। ইয়াকুবের (২৭) বাড়ি সীমান্ত সংলগ্ন দক্ষিণ দাউদপুর গ্রামে। তার বাবার নাম মহিরউদ্দিন। ৪০, রাইফেলস ব্যাটালিয়ানের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "ইয়াকুব মাছ ধরতে নো-ম্যান্স ল্যান্ডের ২৯০/১৬ এস পিলারের কাছে একটি ডোবায় নামলে বিএসএফের গোবিন্দপুর ফাঁড়ির সদস্যরা তাকে লক্ষ করে গুলি ছোড়ে।" গুলিবিদ্ধ অবস্থায় ইয়াকুব বাংলাদেশের সীমানায় চলে আসে। পরে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়। কামরুল ইসলাম জানান, এ ঘটনায় বিডিআরের পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্তে ভোর পৌনে ৫টার দিকে বিএসএফ'র গুলিতে নিহত হয়েছেন বদরুজ্জামান বিশ্বাস (৩৭)। তিনি উপজেলার নজদিপুর গ্রামের সফিউদ্দিনে বিশ্বাসের ছেলে। চুয়াডাঙ্গা ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সুলতান আহমেদ জানান, বদরুজ্জামানসহ তিন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে ভারতের চারশ' গজ অভ্যন্তরে সে দেশের নদীয়া জেলার গোবিন্দপুর ক্যাম্পের বিএসএফ'র একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি জানান, দুজন ফিরে এসেছে। বদরুজ্জামানের লাশ বিএসএফ'র জওয়ানরা নিয়ে গেছে। তার লাশ ফেরত চেয়ে এবং এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/এমএসবি/২০৫২ ঘ.