চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ত্রীকে এসিডে ঝলসে দেওয়ার দায়ে রোববার এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আনোয়ার হোসেন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিতের কাছ থেকে আদায় করা জরিমানার অর্থ এসিডের শিকার জরিনা বেগমকে দেওয়া হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
দণ্ডিত ব্যক্তির নাম কুরবান আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের রামকৃষ্টপুর জোড় বাগান মহল্লার সমুরুদ্দীনের ছেলে।
২০০০ সালের ৫এপ্রিল কুরবান আলী শহরের নয়াগোলা মহল্লার শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে পাশ্ববর্তী মহানন্দা নদীর ঘাটে ডেকে নিয়ে মুখে এসিড ঢেলে দিয়ে পালিয়ে যান।
পরদিন জরিনার বাবা একরামুল হক বাদী হয়ে কুরবানের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। ওই বছর ১২ অক্টোবর তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫২ ঘ.
bdnews24