সিরাজগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ নির্মাণকারী প্রতিষ্ঠান কোরীয় ঠিকাদারি কোম্পানি হুন্দাই'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
তিনি বলেন, "আগামী দু'এক দিনের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনের সময় মন্ত্রী এ কথা বলেন।
এ সময় তিনি শহরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেন।
শুক্রবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত যমুনা নদীর প্রবল ঘূর্ণাবর্তে শহর রক্ষা বাঁধের গয়লা শ্মশান ঘাটের সামনে অংশের ভাঙন দেখা দেয়। এতে বাঁধের প্রায় ৬'শ ফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয়রা বালির বস্তা ও ব্লক ফেলে প্রাথমিকভাবে ভাঙন রোধ করে।
যমুনা সেতু হুমকির বিষয়ে পাউবো মহাপরিচালকের সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়া উচিত হয়নি বলে পানিসম্পদ মন্ত্রী জানান।
বাঁধ পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন- পাউবো'র অতিরিক্ত মহাপরিচালক (দ্বিতীয়) মো. হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এস হোসেন আলী, বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আফজাল হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. নিজামূল হক ভূইয়া, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর প্রমুখ।
যমুনা সেতু চালুর পর ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৩৩১ কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার দীর্ঘ সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধটি নির্মাণ করা হয়। কোরীয় ঠিকাদারি প্রতিষ্ঠান হুন্দাই বাঁধটি নির্মাণ করে।
যে কোন বাঁধই দেশের জন্য ক্ষতিকর
শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলায় তিস্তার ভাঙন কবলিত খুনিয়াগাছ ও কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে নদীতীর রক্ষা বাঁধ পরিদর্শনের সময় পানিসম্পদ মন্ত্রী বলেছেন, আগামী ১৫ জুলাই সংসদীয় দল টিপাইমুখ এলাকা পরিদর্শন করে তথ্য উপাত্ত্ব নিয়ে ফেরার পর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, "শুধু টিপাইমুখ বাঁধ নয়, যে কোন বাঁধই আমাদের দেশের ক্ষতির কারণ। আমরা দিন বদলের অঙ্গীকারে সরকার গঠন করেছি। দেশের স্বার্থ রক্ষা করেই কাজ করবো।"
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের কয়েজন নেতা।
বিকেল ৪টার দিকে মন্ত্রী তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ফকিরসহ অন্যান্য কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪০ ঘ.
bdnews24