ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার থেকে রাজধানীতে শুরু হচ্ছে বিডিআর-বিএসএফ চারদিনব্যাপী সীমান্ত সম্মেলন।
পিলখানায় বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তর এই সম্মেলন শুরু হবে সকাল ১০টায়।
বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর এ সম্মেলনে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর নেতৃত্ব দেবেন মহাপরিচালক এম এল কুমাওয়াত।
সম্মেলনে যোগ দিতে বিএসএফ মহাপরিচালক এম এল কুমাওয়াতের নেতৃত্বে শনিবার ১৮ সদস্যের একটি দল ঢাকায় এসে পৌঁছেছে।
বিডিআর পক্ষে থাকবেন মহাপরিচালকের নেতৃত্বে ২৪ সদস্যের প্রতিনিধিদল।
বিডিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জুলাই বিডিআর সদর দপ্তরে জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স (জেআরডি) স্বাক্ষর অনুষ্ঠান হবে।
সীমান্ত এলাকায় বাংলাদেশী 'হত্যা' বন্ধের দাবি ও কাঁটাতারের বেড়ার নামে কিছু কিছু জায়গায় ভারতীয় পক্ষের 'সামরিক প্রতিবন্ধক' তৈরি করার বিষয় সম্মেলনে উত্থাপন করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০০৩ঘ.
bdnews24