ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় র্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' শুক্রবার রাতে এক সন্দেহভাজন সন্ত্রাসী নিহত ও তিন জন আহত হয়েছেন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম তপন (২৮)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, হাসপাতালের খাতায় লেখা রয়েছে রাত ৯টা ৫০ মিনিটে তপনকে মৃত অবস্থায় আনা হয়েছে।
আহতরা হলেন- হৃদয় (২২), পাপ্পু (১৮) ও মো. কামাল (২৫)। তাদের সবারই পায়ে গুলিবিদ্ধ হয়েছে।
র্যাব-১০ এর অধিনায়ক এসএম কামাল হোসেন জানান, রাতে কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় ৬-৭ জন সন্ত্রাসী সাদা পোশাকে টহলরত র্যাবের একটি দলকে লক্ষ্য করে গুলি করে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। র্যাবের গুলিতে আহত অবস্থায় চার জনকে গ্রেপ্তার করা হয়। বাকীরা পালিয়েছে। পরে তাদের মধ্যে এক জন মারা যায়। তাদের কাছ থেকে দু'টি নাইন এমএম পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, কেরানীগঞ্জ এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকদিন ধরেই সাদা পোশাকে র্যাব সদস্যরা কাজ করে যাচ্ছিল। শুক্রবারও এরকম একটি দলকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা।
কামাল হোসেন আরও জানান, চার জনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। নিহত তপনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
গত দু' মাসে র্যাবের গুলিতে রাজধানী ও সংলগ্ন এলাকায় ৯ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। এছাড়া একই সময়ে রাজধানীতে পুলিশের গুলিতে ৩ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এইচএ/২৩০০ঘ.
bdnews24