রাঙামাটি, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিবির কর্মীকে মারধর করার অভিযোগে করা মামলায় রাঙামাটি পৌর জামায়াত সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহরের বনরুপা এলাকা থেকে শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, বিরোধের জের ধরে গত ২ জুলাই জামায়াতের নেতাকর্মীদের হামলায় চার শিবির কর্মী আহত হন।
আহত শিবিরকর্মী রেজাউল করিম সবুজের মা রেহানা বেগম বাদী হয়ে পৌর জামায়াত সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মাসুদ এবং আব্দুল হালিম নামের এক ছাত্রকে আসামি করে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।
অপর দুই আসামি পলাতক রয়েছেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24