চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি হাফিজুর রহমানকে তিনদিন জিজ্ঞাসাবাদ শেষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকালে হাফিজকে মহানগর হাকিম কিরণ চন্দ্র রায়ের আদালতে হাজির করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
শুনানি শেষে হাকিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অস্ত্র পরিবহনকারী জাহাজ শনাক্ত এবং জাহাজ থেকে ট্রলারে করে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটি ঘাটে আসা তিন অপরিচিত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে হাফিজকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি চায় সিআইডি। সোমবার আদালত তিনদিন তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। পরদিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাফিজের কাছ থেকে উল্লেখযোগ্য নতুন কোন তথ্য পাওয়া যায়নি।"
গত বছর মামলার অধিকতর তদন্ত শুরু হওয়ার পর থেকে এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দফা সিআইডি হেফাজতে নেওয়া হল।
এ বছর ২ মার্চ দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের পর হাফিজুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল ঘাটে খালাসের সময় অস্ত্রগুলো আটক করা হয়। পরের বছর অস্ত্র চোরাকারবারী হিসেবে পরিচিত হাফিজকে গ্রেপ্তার করা হয়।
এ মামলায় দ্বীন মোহাম্মদ নামে একজন ট্রলার মালিককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
এছাড়া সিইউএফএল এর সাবেক দুই উর্ধতন কর্মকর্তা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালকসহ পাঁচ সাবেক ও বর্তমান কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তারাও কারাগারে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৪৪ ঘ.
bdnews24