২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

শিগগিরই ছয় হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন হাজার নার্স নিয়োগ হবে বলেও জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজের ৬৩ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "জনগণের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে শিগগিরই ৬ হাজার ডাক্তার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 09:52 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিগগিরই ছয় হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন হাজার নার্স নিয়োগ হবে বলেও জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজের ৬৩ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "জনগণের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে শিগগিরই ৬ হাজার ডাক্তার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এডহক ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, "প্রথমে এডহক ভিত্তিতে নিয়োগ দিয়ে পরে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তাদের নিয়মিত করে নেওয়া হবে। আমি স্বাস্থ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে বলেছি।" তিনি জানান, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. মিলন মিলনায়তনে ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছির আলী, সাংসদ রাশেদ খান মেনন, মোস্তফা জালাল মহিউদ্দিনও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই ট্রাস্টের সভাপতি অধ্যাপক নাজমুন নাহার। প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজের ১২ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন। বর্ষপূর্তি উপলক্ষে সকালে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ শিক্ষকরাও অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী, কৃতি সংবর্ধনা এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে ক্যাম্পাস। পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য নিবন্ধন করেছেন দুই হাজার চিকিৎসক। পূর্ববঙ্গের একমাত্র পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হিসেবে ১৯৪৬ সালের ১০ জুলাই যাত্রা শুরু ঢাকা মেডিকেল কলেজের। এর আগে প্রতিষ্ঠিত হয় মিটফোর্ড ও সিলেট মেডিকেল স্কুল। আর '৪৬ এর আগে তৎকালীন বাংলায় একমাত্র পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ছিল কলকাতায়। ঢাকা মেডিকেল কলেজের অ্যালামনাই ট্রাস্টের প্রচার কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু জানান, এই কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য রমেশ চন্দ্র মজুমদার ও ঢাকার তৎকালীন সিভিল সার্জন জিএফ ভার্জিনের ভূমিকা ছিল অগ্রগণ্য। ঢাকা মেডিকেল কলেজের মূল ভবন প্রতিষ্ঠিত হয় ১৯০৪ সালে। এটি তখন পূর্ববঙ্গ ও আসামের প্রাদেশিক পার্লামেন্ট হিসেবে ব্যবহৃত হতো। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হতো। ১৯৩৯ সালে পূর্ববঙ্গের মুসলমানদের চিকিৎসা শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেয়। তবে এরপরই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীর বেইজ হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয় ভবনটি। এরপর ১৯৪৬ সালে এই ভবনেই ঢাকা মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়। ৪৭'র দেশভাগের পর কলকাতা মেডিকেল কলেজ থেকে অনেক ছাত্র-শিক্ষক ঢাকা মেডিকেল কলেজে এসে যোগ দেন। প্রতিষ্ঠালগ্নে মাত্র ৪টি বিভাগ নিয়ে শুরু হয় কলেজের কার্যক্রম। এগুলো হলো- মেডিকেল, সার্জারি, গাইনোকলোজি ও ইএনটি (নাক, কান ও গলা)। বর্তমানে কলেজে ১২টি বিভাগ, ১৭৬ জন শিক্ষক ও ১ হাজার ৫০ জন শিক্ষার্থী রয়েছেন। প্রতিবছর দেড়শ' শিক্ষার্থী এমবিবিএস কোর্সে ভর্তি হন। এছাড়া এ কলেজে সুযোগ রয়েছে উচ্চশিক্ষারও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএম/এজে/এমআই/১৬০০ ঘ.