২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনগ্রসর অঞ্চলে ১৫শ' প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে: নাহিদ

শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে এসব অঞ্চলে শিগগিরই নতুন দেড় হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সচিবালয়ে এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (একডো) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 07:15 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে এসব অঞ্চলে শিগগিরই নতুন দেড় হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সচিবালয়ে এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (একডো) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, "দেশের আদিবাসীসহ পিছিয়ে পড়া হাওর-বাওড়, চা-বাগান, মঙ্গা, চর অঞ্চলের জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নে সরকার পদক্ষেপ নেবে। এসব অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে প্রায় ১৫০০ নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।" শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পাঠ্যপুস্তকে বিভিন্ন আদিবাসীদের বিষয়গুলো যথাযথ গুরুত্ব দিয়ে সংশোধন করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, "আদিবাসী শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার জন্য ভবিষ্যতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোটা রাখার ব্যবস্থাও করা হবে।" সরকারি উদ্যোগের পাশাপাশি আদিবাসী নেতৃত্বকে শিক্ষার মানোন্নয়নে নিজস্ব উদ্যোগ গ্রহণেরও আহবান জানান তিনি । বৈঠকে শিক্ষাক্ষেত্রে আদিবাসীদের প্রাতিষ্ঠানিক, শিক্ষক স্বল্পতা, ভাষাগত সমস্যাসহ নানা দিক তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা। একডো'র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহের নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন, খাসী প্রতিনিধি টেম লানং (উত্তম), চা-জনগোষ্ঠীর প্রতিনিধি সুশীল রঞ্জন নায়েক, পাত্র আদিবাসী ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্র মহাপাত্র, একডো'র সমন্বয়কারী নোং পকলো সিনহা ও মণিপুরী আদিবাসী শিক্ষক প্রতিনিধি খোইরোম কামিনী সিংহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এইচএ/২৩৫০ ঘ.