মৌলভীবাজার, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল গ্রামে মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় যুবদল নেতা আতিকুর রহমান সুমন (২২) নিহত হয়েছেন।
এ সময় আহত হন সুমনের বাবা আব্দুস শুকুর (৫৮), মা নেহার বেগম (৪৫), তার চাচা উত্তর শাহবাজপুর ইউপি সদস্য জামাল উদ্দিন ও তার ছেলে মামুন (১০)।
এদের মধ্যে জামাল উদ্দিনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে তিনটার দিকে ১০/১২ জন মুখোশপরা সন্ত্রাসী সুমনদের বাড়ির ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে।
পরিবারের সদস্যদের একটি ঘরে আটকে রেখে তারা জামাল উদ্দিনকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা জামাল উদ্দিনকে বাথরুম থেকে টেনে বের করে চাইনিজ কুড়াল দিয়ে কোপ দিলে সুমন এগিয়ে আসেন। এ সময় কোপ পড়ে সুমনের বুকে। এতে সুমন ঘটনাস্থলেই মারা যান।
সুমন জাতীয়তাবাদী যুবদল কুমারশাইল ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন। আর তার চাচা জামাল উদ্দিন উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ সদস্য।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম আজাদ জানান, নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়লেখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মৌলভীবাজার পুুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল আলীম মাহমুদ, সহকারী পুুলিশ সুপারিনটেনডেন্ট রওশনুজ্জামান দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/০১৪০ ঘ.
bdnews24