বরিশাল, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুখ্য বিচারিক হাকিম মো. মঈনুদ্দিন ইসলামকে বরিশাল আদালত থেকে প্রত্যাহারের দাবিতে আইনজীবীরা আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির এক জরুরি সভায় বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সমিতির সভাপতি শেখ আব্দুল কাদের সাংবাদিকদের জানান।
তিনি বলেন, রেওয়াজ অনুযায়ী সমিতির কোন সদস্য মারা গেলে পরেরদিন আইনজীবীরা আদালতের কার্যক্রম বন্ধ রাখেন।
মঙ্গলবার রাতে সমিতির সদস্য নিত্যানন্দ মিত্র মারা যাওয়ায়, তার প্রতি সন্মান প্রদর্শনের জন্য বুধবার আদালতের কার্যক্রম বন্ধ থাকার কথা।
জেলা ও দায়রা জজের অধীনস্থ ২২টিসহ মোট ৩২টি আদালতের কার্যক্রম রেওয়াজ অনুযায়ী বন্ধ থাকলেও একমাত্র মুখ্য বিচারিক আদালতে কর্মকাণ্ড অব্যাহত ছিল বলে আব্দুল কাদের অভিযোগ করেন।
এ ব্যাপারে মুখ্য বিচারিক হাকিম মো. মঈনুদ্দিন ইসলাম সাংবাদিকদের বলেন, কোন আইনজীবী মারা গেলে যদি আদালত বন্ধ থাকে তাহলে বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/০১১২ ঘ.
bdnews24