গোপালগঞ্জ, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রমজানে মূল্য বৃদ্ধিকারীদের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নেবে বলে হুশিয়ার করেছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।
বুধবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা চত্বরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী সিডরে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।
বাণিজ্য মন্ত্রী বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানিতে ব্যাংকের সার্ভিস চার্জ কমানো হয়েছে। বন্দরে অটোমেশনের মাধ্যমে দ্রুত পণ্য খালাস করা হচ্ছে। তাই নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ব্যয় কমেছে।
এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি, ছোলা, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি করে উপজেলা পর্যায়ে বিপণন করা হবে বলেও জানান তিনি।
রমজানে চাহিদা অনুযায়ী জিনিসপত্রের সরবরাহ বাড়বে উল্লেখ করে ফারুক খান বলেন, বাজারে সরকারের মনিটরিং ব্যবস্থা থাকবে। অবৈধভাবে কোনো অসাধু ব্যবসায়ী যেন দ্রব্য মূল্যে বৃদ্ধি করতে না পারে সেদিকে ব্যবসায়ীদের নজর দিতে হবে।
উপজেলা চেয়ারম্যান মো. রবিউল আলম সিকদারের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, উপজেলা কৃষি কর্মকর্তা দীলিপ কুমার রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ আকবার হোসেন জাফর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.
bdnews24