বরগুনা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইলার জন্য আসা ত্রাণের চাল ফেরৎ যাবার ঘটনায় বরগুনার আমতলী উপজেলা চেয়ারম্যান এবং সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বুধবার হামলা ও ভাঙচুর হয়েছে।
এ সময় নগদ টাকা এবং নথিপত্রও নিয়ে যায় হামলাকারীরা।
উপজেলা আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও তারা অভিযোগ অস্বীকার করেছে।
আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দিন আহম্মেদ জানান, বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম দেলোয়ার ও সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহম্মেদ সজুর নেতৃত্বে দলের অর্ধশতাধিক নেতা-কর্মী উপজেলা পরিষদে যান। তারা ত্রাণের চাল ফেরত যাবার বিষয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেন। তারা অফিস থেকে বের হবার পরই একদল যুবক ঢুকে কক্ষের চেয়ার, টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে।
উপজেলার সদর ইউনিয়ন পরিষদ সচিব আনোয়ার হোসেন জানান, বেলা সোয়া ১২টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ইউপি কার্যালয়ে ঢুকে তাদের বের করে দিয়ে কম্পিউটার, স্টিলের আলমিরা, ফ্যানসহ আসবাবপত্র এবং বাইরে রাখা তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছে।
হামলাকারীরা স্টিলের আলমিরা ভেঙে নগদ পাঁচ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছেন বলেও দাবি করেন তিনি।
আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা উপজেলা চেয়ারম্যানের সঙ্গে দেখা করে চলে আসার অনেক পরে হামলার ঘটনা ঘটেছে। সদর ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগও অস্বীকার করেন তিনি।
ত্রাণ বঞ্চিতরা ক্ষুব্ধ হয়ে হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন এই আ'লীগ নেতা।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্ দৌলাহ বলেন, আইলায় ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারগুলোর মধ্যে বিতরণের জন্য গত ১০ জুন আমতলী উপজেলায় ২২০.৫ মেট্রিক টন চাল আসে। উপজেলা প্রশাসন ২০ জুন ১০টি ইউনিয়নের মধ্যে চালগুলো ভাগ করে দেয়।
এর মধ্যে রয়েছে চাওড়া ইউনিয়নে ১৪, গুলিশাখালীতে ২৭, আমতলী সদর ইউনিয়নে ১৯, কুকুয়াতে ১৭, আঠারোগাছিয়াতে ১৯, হলদিয়ায় ২৯, কড়ইবড়িয়ায় ২৯, আড়পাঙ্গাসিয়ায় ১৪.৫, পচাকোরালিয়ায় ১৯ এবং বড়বগী ইউনিয়নে ৩৩ মেট্রিক টন।
কিন্তু ইউপি চেয়ারম্যানরা ওই চাল উত্তোলন না করায় জুনের পর বরাদ্দ বতিল হয়ে যায়।
ইউএনও বলেন, ত্রাণ ফেরত যাওয়ায় সোমবার দশ ইউনিয়ন চেয়ারম্যানকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে জানান আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান।
আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান জালাল ফকির জানান, তিনি বরগুনা থেকে ফিরে গিয়েই মামলা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.
bdnews24