ফরিদপুর, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুুরে স্কুল ছাত্র আসাদুজ্জামান রনি (১৬) হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুল ইসলাম বুধবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার রাধানগর গ্রামের সাঈদ (২৫), দেলোয়ার (৩০) ও ইসমাইল (৩২) এবং সদর উপজেলার দয়ারামপুর গ্রামের হাবিব (২০)। রায় ঘোষণার সময় আসামিরা এজলাসে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৪ এপ্রিল নগরকান্দা উপজেলার রাধানগর গ্রামের মোবারক মোল্লার ছেলে রনি প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এর তিনদিন পর অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রনির দাদা আশরাফ আলী নগরকান্দা থানায় মামলা করেন। ওইদিনই বাড়ির পাশের দেবীনগর মাঠ থেকে রনির লাশ উদ্ধার করা হয়।
তদন্ত শেষে পুলিশ দণ্ডপ্রাপ্ত চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/ডিডি/১৭২৫ ঘ.
bdnews24