২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার কমিশনে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বের সুপারিশ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য পদে বিচারক ছাড়াও অন্য পেশার প্রতিনিধি থেকে নিয়োগের বিধান রেখে মঙ্গলবার সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 05:13 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য পদে বিচারক ছাড়াও অন্য পেশার প্রতিনিধি থেকে নিয়োগের বিধান রেখে মঙ্গলবার সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০০৯-এর বিষয়ে কমিটির সুপারিশসমূহ উপস্থাপন করেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশে কমিশনের ওই দুই পদ কেবলমাত্র বিচারকদের দিয়ে পূরণের কথা বলা হয়েছিল। সেইসঙ্গে সংসদীয় কমিটির এই প্রতিবেদনে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের বয়স ৫০ থেকে কমিয়ে ৩৫ বছর করার সুপারিশ করা হয়েছে। স্থায়ী কমিটির সুপারিশে বলা হয়, ''বিভিন্ন দেশের মতো মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য পদ শুধুমাত্র বিচারকদের দিয়ে পূরন না করে আইন বা বিচারকর্ম, মানবাধিকার, শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে অবদান রেখেছেন এমন ব্যক্তিদের মধ্য থেকে এবং বিশেষ করে নৃতাত্ত্বিক জনগোষ্টি ও নারী সমাজের মধ্য থেকে কমপক্ষে একজন করে নেওয়া হোক।'' বিলে একজন চেয়ারম্যান ও দুই জন সদস্যের সমন্বয়ে মানবাধিকার কমিশন গঠনের প্রস্তাব করা হয়। সুরঞ্জিত সেন গুপ্ত কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের বয়স কমানোর সুপারিশ প্রসঙ্গে সংসদে বলেন, ''চেয়ারম্যান ও সদস্যদের ন্যূনতম বয়স ৫০ থেকে কমিয়ে সংবিধান অনুযায়ী ৩৫ বছর করা হয়েছে, যাতে অপেক্ষাকৃত নবীন ও কর্মোদ্যোগী ব্যক্তিরা মানবাধিকারের মতো মানবকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে পারেন।'' স্থায়ী কমিটির প্রতিবেদনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য মনোনয়নের জন্য গঠিত বাছাই কমিটির প্রধান সংসদের স্পিকারকে করার সুপারিশ করা হয়েছে। কোনো মামলায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখার ক্ষমতা কমিশনকে দেওয়ার সুপারিশ করা হয়। অভিযোগ অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে সশরীরে উপস্থিতি নিশ্চিত করতে দেওয়ানি কার্যবিধির ১৯০৮ সালের আইন অনুসরণ করার ক্ষমতাও কমিশনকে দেওয়ার সুপারিশ করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০০৯-এ কমিশনের কার্যক্রম রাজধানীর বাইরে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করার প্রস্তাব করা হয়। বিলটি সংসদের চলতি অধিবেশনে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলবার সংসদে সরকারি কর্মকর্তাদের বিদেশী নাগরিকদের সঙ্গে বিবাহ বন্ধন সম্পর্কিত সংশোধনী বিল, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের দন্ডিত হয়ে চাকরিচ্যুতি বিষয়ক সংশোধনী বিল এবং বাংলাদেশ টেলিভিশনের জন্য টেরিষ্ট্রিয়াল সুবিধা বহাল রাখা সংক্রান্ত বিল পাস হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এইচএ/২৩১৫ ঘ.