২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যয় রিটার্ন জমা না দেওয়ার মামলা চলবে ৩১ জুলাই পর্যন্ত: ছহুল

নবম সংসদের নির্বাচনী ব্যয়ের রিটার্ন (ব্যয় বিবরণী) জমা না দেওয়া প্রার্থীদের বিরুদ্ধে ৩১ জুলাই পর্যন্ত মামলা চলবে। ইতোমধ্যে আইন লঙ্ঘনকারী অর্ধশতাধিক প্রার্থীর মধ্যে কমপক্ষে ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---নবম সংসদের নির্বাচনী ব্যয়ের রিটার্ন (ব্যয় বিবরণী) জমা না দেওয়া প্রার্থীদের বিরুদ্ধে ৩১ জুলাই পর্যন্ত মামলা চলবে। ইতোমধ্যে আইন লঙ্ঘনকারী অর্ধশতাধিক প্রার্থীর মধ্যে কমপক্ষে ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এ তথ্য জানান। নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের রিটার্ন জমা না দেওয়া প্রার্থীদের বিরুদ্ধে মামলা করার জন্য ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ মামলা করবেন।" এ পর্যন্ত কমপক্ষে ২৩ প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, "নির্বাচনী ব্যয় রিটার্ন জমা দেওয়ার আইন থাকলেও বিগত সময়ে অধিকাংশ প্রার্থী তা অনুসরণ করেননি। প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যয় জমা দেওয়ার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতেই ইসি রিটার্নিং কর্মকর্তাদের মামলা করার নির্দেশ দিয়েছে।" ঢাকার বিভাগীয় কমিশনার খোন্দকার শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মহানগরের রিটার্ন দাখিলে ব্যর্থদের বিরুদ্ধে তিনি বাদী হয়ে মামলা করেছেন। এসব প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে বলা হয়েছে। ঢাকা বিভাগীয় উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহানগরের ১৫টি আসনের মধ্যে ১৯ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এদের মধ্যে 'গুরুত্বপূর্ণ' রাজনৈতিক দলের কোনো প্রার্থী নেই। সংশ্লিষ্ট থানা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর আদালতকে জানাবে। রমনা থানার ভারপাপ্ত কর্মকর্তা শিবলী নোমান এ বিষয়ে সাংবাদিকদের জানান, ইতোমধ্যে ১৯ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পরে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে পাঠানো হবে। এছাড়া রাজধানীর বাইরে আরও চারজনের বিরুদ্ধে এমন মামলা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "সারাদেশের পুরো তথ্য ৩১ জুলাইয়ের পর পাওয়া যাবে। মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরওয়ানা জারির বিষয়টি আদালত দেখবে। এছাড়া আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে। " নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বী সকল প্রার্থীর ২০০৯ এর ৩১ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল করার কথা। নবম সংসদে নির্বাচনে ১৫৬৭ জন প্রার্থী অংশ নেন। এরমধ্যে ৩৮টি রাজনৈতিক দলের ১৪২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্র প্রার্থী ছিলেন ১৫১ জন। অষ্টম সংসদে প্রায় দুই হাজার প্রার্থীর মধ্যে পাঁচ শতাধিক প্রার্থীই রিটার্ন দাখিল না করে পার পেয়ে যান। নবম সংসদে রিটার্ন দাখিলের ব্যর্থদের বিরুদ্ধে মামলার ঘটনাকে ইসির ইতিহাসে প্রথম বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশনার। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নির্বাচনের ফলাফল সরকারী গেজেটে প্রকাশের পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল করতে হবে। তা ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ন্যুনতম ২ থেকে সাত বছরের কারাদণ্ডের শাস্তি বা জরিমানার বিধান রয়েছে। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে নির্বাচনের ফলাফল সরকারী গেজেটে প্রকাশের পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে নির্ধারিত ফরমে নির্বাচনের ব্যয়ের রিটার্ন দাখিল করতে হবে। ইতোমধ্যে দলগুলো ৩১ মার্চের মধ্যে দলীয় ব্যয়ের রির্টান দাখিল করেছে। মুহাম্মদ ছহুল হোসাইন জানান, প্রার্থী ও দলের রিটার্ন যাচাই-বাছাই করবে ইসি। সংশ্লিষ্ট প্রার্থী ও দল তাদের ব্যয়ের যথাযথ হিসাব দিয়েছে কিনা তা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২০৩৬ঘ.