চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিনদিনের টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে বন্দর নগরী চট্টগ্রামের মানুষ। নগরীর নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে যানজট লেগেই আছে।
টানা বর্ষণেও বন্দরের স্বাভাবিক কাজকর্ম অব্যাহত আছে। বন্দর রেডিও কন্ট্রোল থেকে জানা যায়, জাহাজ চলাচল ও কন্টেইনার ওঠানামার কাজ চলছে। তবে বৃষ্টির মধ্যে সাধারণত বাল্ক কার্গো থেকে মাল ওঠানামা হয় না।
মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে ঝড়ো হাওয়া বইতে পারে- এ আভাস দিয়ে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আওহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালে অধিদপ্তরের বুলেটিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী বায়ুপ্রবাহ প্রবল থাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।
রোববার রাত থেকে শুরু হওয়া বর্ষণে নগরীর চকবাজার, মেহেদীবাগ, বাকলিয়া, আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাট, জিইসির মোড়, ষোলশহর ২নং গেইট, মুরাদপুরসহ বিভিন্ন এলাকার নিচু অংশে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসা বাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে
নগরীর প্রধান খাল চাক্তাইয়ে পানির প্রবাহ ঠিক থাকলেও অন্যান্য সংযোগ খালগুলোতে পানি সরবরাহ বাধাপ্রাপ্ত হয়।
মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় পানি জমে আছে। মুরাদপুর, জিইসি মোড়, ওয়াসা, চকবাজার, বহদ্দারহাটসহ প্রধান সড়কগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল তীব্র যানজট।
মুষলধারে বৃষ্টির কারণে অফিসগামী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল চরমে। রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকায় দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থেকেও বাস, সিএনজিচালিত অটোরিকশা বা অন্য কোনও যানবাহন না পেয়ে অনেককেই হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুরাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাড়ি পেলেও অতিরিক্ত ভাড়া গুণতে হয়েছে আমাকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমইউএস/এমএসবি/১৬০০ ঘ.
bdnews24