ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীর ভাঙনে গত দুদিনে অর্ধশতাধিক ঘর-বাড়ি বিলীন হয়ে গেছে। কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙ্গনে ঘর-বাড়ি হারিয়েছে অন্তত ৭০টি পরিবার। গত নয় দিনে জেলার দুই হাজারের বেশি পরিবার ভাঙনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত নয়শ' পরিবার।
তিস্তার ডান তীরে ভাঙনের কারণে নীলফামারী ও রংপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবনের ঝুঁকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন এলাকায় বালুর বস্তা, বাঁশের পাইলিংসহ সিসি ব্লক ও স্টোন বোল্ডার নিক্ষেপ করছে।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মেঘাই সলিড স্পার-২ এর প্রায় ৩০ মিটার স্যাংক সোমবার দুপুরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
গত দুদিনে তিস্তার পানি কমলেও ডিমলার উপজেলার কয়েকটি গ্রামের ঘর-বাড়ি হাঁটু সমান পানিতে তলিয়ে আছে। তবে কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জে ধরলা, ব্রহ্মপুত্র, করতোয়া, ঘাঘট ও যমুনার পানি বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই গ্রামে তিস্তার ডানতীরে ভাঙন দেখা দিয়েছে। গত দুদিনে তীররক্ষা বাঁধের ভেতরের অর্ধশতাধিক ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে তীররক্ষা বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। এলাকা ঘুরে দেখা গেছে বাঁধ থেকে মাত্র ২৫ ফুট দূরে নদী ভাঙছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিস্তার পানি কমার সঙ্গে সঙ্গে ডান তীরে ভাঙন দেখা দিয়েছে। গত দু'দিনে দুই কিলোমিটার ভেঙেছে। ভাঙন ঠেকানো না গেলে নীলফামারী সদর, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ এবং রংপুর শহর প্লাবিত হবে।
তিনি জানান, শনিবার রাত ৯টা পর্যন্ত ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদী বিপদসীমার (বিপদসীমা ৫২.৪০ সেন্টিমিটার) ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। রাত ১২টার পর পানি কমতে থাকে। সোমবার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে তিনি জানান,
আতিক বলেন, তিস্তার পানি কমলেও ব্যারাজের উজানে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের পূর্ব ছাতনাই, ঝাড় সিংহেশ্বর, খগাখড়িবাড়ি ইউনিয়নের কিসামতের চর, দোহলপাড়া, টেপাখড়িবাড়ি ইউনিয়নের ভাষাণীর চর ও টাবুর চরের তিন হাজার মানুষ এখনও পানিবন্দি রয়েছে।
ওই চরগুলোর অধিকাংশ নলকূপ এখনও পানির নিচে রয়েছে। এলাকায় চলছে খাবার ও নিরাপদ পানির সংকট।
পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, তিস্তার পানি বিপদসীমার উপরে গেলেই ঝাড় সিংহেস্বর ও পুর্ব ছাতনাই চরের মানুষেরা ঘরবাড়ি ফেলে হাঁস-মুরগি, গরু-ছাগল নিয়ে বাঁধে আশ্রয় নেয়। পানি নেমে গেলে আবার ফিরে আসে।
কিন্তু এবার ডানতীরে ভাঙন দেখা দেওয়ায় সেই আশ্রয়স্থলও বিপজ্জনক হয়ে ওঠেছে। যে কোন মুহূর্তে বাঁধটি ভেঙে যেতে পারে।
কুড়িগ্রাম: জেলার ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধ কুমারসহ ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুদ্দৌলা জানান, পাহাড়ি ঢলে গত ২৪ ঘণ্টায় তিস্তায় ২২ সেন্টিমিটার, ধরলায় ১৮ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রে ৭ সেন্টিমিটার এবং দুধ কুমারে ১৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, নতুন করে প্লাবিত হয়েছে অর্ধশতাধিক চর ও দ্বীপ চরের নিম্নাঞ্চল। নদী ভাঙন ও পানির তোড়ে গত ৪৮ ঘণ্টায় ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে ৭০টি পরিবার। এ নিয়ে গত নয়দিনে জেলায় ২ হাজার ১২০টি পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে বলে জানান তিনি।
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ূব আলী জানান, গত ২৪ ঘণ্টায় ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে এ ইউনিয়নের ৩১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কুড়িগ্রাম সদরের সারাডোব, মোগলবাসা, নাগেশ্বরীর দামাল গ্রাম, পাঁচ মাথা, সাপখাওয়া, বেরুবাড়ি এবং রাজিবপুরের চরনেওয়াজী, শিকারপুর, পশ্চিম নয়ারচর ও বড়বেড় গ্রামে ৩৯টি পরিবার গৃহহীন হয়েছে।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এনজিও ও সরকারি প্রতিষ্ঠানকে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সরকারি ও এনজিও কর্মকর্তাসহ সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধায়: যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি বাড়ছে। বিভিন্ন নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। তিস্তার ভাঙনে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। যমুনা ও ব্রহ্মপুত্রের ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আটশ' পরিবার।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি আরও ৬৪ সেন্টিমিটার, ঘাঘটে ৬৭ সেন্টিমিটার এবং করতোয়ায় ৪০ সেন্টিমিটার বেড়েছে।
তিস্তার পানি গত ২৪ ঘণ্টায় ৪১ সেন্টিমিটার কমেছে বলে তিনি জানান।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাত দিয়ে হোসেন চৌধুরী জানান, তিস্তা নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়ে আবার কমে যাওয়ায় সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ও কাপাসিয়া ইউনিয়নের উজান বুটাগাড়ী, ভাটি বুড়াইল ও পোড়ারচর এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, এইসব এলাকার ২০ একর জমির তোষা পাটসহ বেশকিছু আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে চরাঞ্চলের কৃষকরা আগাম পাট কেটে নিতে বাধ্য হচ্ছে।
ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ জানান, ব্রহ্মপুত্র-যমুনার অব্যাহত ভাঙনে উপজেলার গজারিয়া ইউনিয়নের কামারপাড়া ও নামাপাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবারের ভিটেমাটি, আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে ফুলছড়ি ডিগ্রি কলেজ, মাদ্রাসা, বাউশি প্রাথমিক বিদ্যালয়, সর্দারের চর প্রাথমিক বিদ্যালয় এবং ফুলছড়ির বধ্যভূমি।
তিনি বলেন, সবচেয়ে বেশি ভাঙন চলছে উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর, ককাইমারি, কল্যাবের, ফজলুপুর ইউনিয়নের চিকিরপটল, কাউয়াবাধা, কৃষ্ণমণি, গজারিয়া ইউনিয়নের নামাপাড়া, কামারপাড়া, এরেণ্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ির, পাগলারচর, সন্ন্যাসীর চর, ডাকাতিয়ার চর, কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট, কালাসোনা, কাবিলপুর, ফুলছড়ি ইউনিয়নের পিপুলিয়া ও গাবগাছি গ্রাম।
সাঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম শহীদ রনজু জানান, গত চারদিনে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রামের শতাধিক পরিবারের ঘরবাড়ি এবং শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। গৃহহারা পরিবারগুলো নিকটবর্তী আত্মীয়-স্বজনের বাড়ি আবার কেউ কেউ ওয়াপদা বাঁধে আশ্রয় নিয়েছে।
এ ছাড়া সাঘাটা থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিনিরপটল নিম্ন মাধ্যমিক স্কুল, কমিউনিটি স্কুল, মহিলা দাখিল মাদ্রাসা-মসজিদ ও ব্রহ্মপুত্র নদের তীররক্ষা বাঁধসহ বিস্তীর্ণ এলাকা ভাঙনের মুখে পড়েছে।
উপজেলা চেয়ারম্যান বলেন, সাঘাটা ইউনিয়নে হাঁসিলকান্দি, হলদিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্রের ভাঙনে প্রায় ৭০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৪২ সেন্টিমিটার বেড়েছে। পাশাপাশি জেলার কাজিপুর, চৌহালী ও শাহজাদপুর উপজেলায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে।
যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার করতোয়া, ফুলজোড় ও বড়াল নদীসহ চলনবিল এলাকার বিভিন্ন শাখা নদীর পানিও বাড়ছে।
পাউবো'র উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, যমুনার পশ্চিম তীরে কাজিপুর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মেঘাই সলিড স্পার-২ এর প্রায় ৩০ মিটার স্যাংক আজ (সোমবার) দুপুরে যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
পাউবো কর্তৃপক্ষ স্যাংকের সলিড অংশের 'মাটির বেল মাউথ' অংশ নতুন করে জোড়া দিতে বালির ব্যাগ নিক্ষেপ করছে বলেও জানান তিনি।
তবে মাটির স্যাংক ভেঙে যাওয়ার ফলে মূল ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কোনো ক্ষতি হবে না বলে জানান আরিফুর রহমান।
তিনি আরও বলেন, পাউবো'র তত্বাবধায়ক প্রকৌশলী মো. আফজাল হোসেন এবং সিরাজগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী নিজামূল হক ভূঁইয়া ভাঙন কবলিত মেঘাই স্পার-২ পরিদর্শন করে সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মকর্তাদের স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
স্যাংক বিলীন হওয়ায় নদী পাড়ের মানুষ ভাঙন আতঙ্কের রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমএসবি/২০৫০ ঘ.
bdnews24