ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ছয়মাসে সরকারের কোনও সফলতা নেই বলে মন্তব্য করেছে বিএনপি।
প্রধান বিরোধীদলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সোমবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ অভিযোগ করেন।
বিরোধী দলের ওপর সরকারি দলের নির্যাতনের মাত্রা 'হিটলারকে ছাড়িয়ে গেছে' বলেও এসময় অভিযোগ করেন তিনি।
দেলোয়ার সাংবাদিকদের বলেন,'' রাষ্ট্র পরিচালনায় সরকারের কোনো সফলতা নেই। তারা বিরোধী দলকে নির্যাতনের কাজেই ব্যস্ত রয়েছে। তাদের এ নির্যাতনের মাত্রা হিটলারকেও ছাড়িয়ে গেছে।"
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকারি দল বিএনপির নেতা-কর্মীদের ওপর একের পর এক জুলুম-নির্যাতন-হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এভাবে নির্যাতন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে জানিয়ে দেন তিনি।
নিজের চেম্বারে দেলোয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,'' জনগণের কাছে দেওয়া অঙ্গীকার তারা বাস্তবায়ন করতে পারেনি। বরং দখল, বিশৃঙ্খলা, চাঁদাবাজি, দলীয়করণ, বিচার-বর্হিভূত হত্যাকাণ্ড, গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা, বিদেশের বাজার সৃষ্টি, কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য না দেওয়ার ক্ষেত্রে তারা সফল হয়েছে। এ সরকারের কর্মকাণ্ডে জনগণের আশা-আকাংখার কোনো প্রতিফলন নেই। তারা সর্বক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।"
এক প্রশ্নের জবাবে দেলোয়ার সরকার সংসদকে এক দলীয় সংসদে পরিণত করেছে বলে অভিযোগ করে বলেন, "তারা এমন পরিবেশ তৈরি করে রেখেছে, যাতে বিরোধীরা সংসদে না যায়।''
তিনি অভিযোগ করেন, "সরকার বিরোধী দলের সহযোগিতা চায় না। আমাদের চেয়ারপার্সন বার বার সরকারকে সহযোগিতা করার কথা বললেও অপরপক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তা থেকে এটা নিশ্চিত সরকার বিরোধী দলের সহযোগিতা চায় না।"
বিডিআর ঘটনার প্রকৃত তথ্য ও অপরাধীদের আড়াল করতে এ নিয়ে নাটক করা হচ্ছে বলেও অভিযোগ করেন দেলোয়ার। তিনি বলেন,'' বিরোধী দলের নেতা-কর্মীদের জড়ানোর জন্য সরকার নানা কিছু করছে।"
ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদ না জানানো ও এশিয়ান হাইওয়ের নামে দেশটিকে করিডোর প্রদানের সরকারের কথিত অবস্থানেরও কড়া সমালোচনা করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০১৭ঘ.
bdnews24