শেরপুর, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে শেরপুরে ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
সোমবার দুপুরে শেরপুরের বিচার বিভাগীয় হাকিম পলাশ চন্দ্র রায়ের আদালতে মামলাটি করেন জেলার ঝিনাইগাতি উপজেলার নাচনমুহূড়ি গ্রামের হামিদুল ইসলাম ।
আদালত মামলাটি আমলে নিয়ে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
আসামিরা হলেন- জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় গ্রামের বাবুল চিশতি, সাইফউদ্দিন খোকা, আলম মিয়া, আলাল মিয়া, রশিদুজ্জামান, সুরুজ্জামান, ধলা মিয়া, হবি মন্ডল ও আব্দুল আজিজ, এবং শেরপুরের শ্রীবর্দি উপজেলার কলমাকান্দা ও খুশালপুর গ্রামের মৌলভী শফিকুল ইসলাম, আবদুর রহিম, জবেদ আলী ও জালাল উদ্দিন।
বাদী পক্ষের আইনজীবী এ কে এম হাবিবুল ইসলাম জানান, মুক্তিযুদ্ধ চলাকালে হামিদুল ইসলামের ভাই সাইদুর রহমান ও তার বাবা মোখলেছুর রহমানকে আসামিরা পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে ধরে নিয়ে হত্যা করে।
হাবিব জানান, আসামিরা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের দোসর রাজাকার বাহিনীর সদস্য ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪৪ ঘ.
bdnews24