ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসাধু ব্যবসায়ীদের কবল থেকে কৃষকদের রক্ষার জন্য জৈব সারের বিক্রি নিয়ন্ত্রণে রোববার সংসদে একটি বিল পাস হয়েছে।
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সার ব্যবস্থাপনা বিল সংসদে উত্থাপন করেন। প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতেই এটি কণ্ঠভোটে পাস হয়।
তিনি সার (ব্যবস্থাপনা ) আইন ২০০৬ সংশোধনের প্রস্তাব করলে সংসদ তা অনুমোদন করে।
সংশোধিত এই বিলে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। এর আগে জৈব সার আমদানি ও এর বিক্রি নিয়ন্ত্রণে ওই আইনে কোনো ধারা ছিল না।
আগে নিুমানের জৈব সার আমদানি ও এর নিয়ন্ত্রণে কোনো ধারা ছিল না। কোনো প্রকার বিধি-নিষেধ না থাকায় এতদিন অসাধু ব্যবসায়ীরা জৈব সার আমদানির নামে নিুমানের সার এনে বাজারজাত করতো বলে অভিযোগ রয়েছে।
এসব অসাধু ব্যবসায়ী যে শুধু কৃষকদেরই প্রতারিত করছে তা নয়, এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে।
এ প্রসঙ্গে মতিয়া চৌধুরী সংসদকে বলেন, "সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬-এ জৈব সারের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ না থাকায় আমদানিকৃত এসব সারের মান নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের কিছুই করার ছিল না।"
'বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক'
এরপর তিনি জাতীয় কৃষি পদক তহবিল (সংশোধন) বিল ২০০৯ পাসের প্রস্তাব করেন। কণ্ঠ ভোটে এটিও পাশ হয়।
কৃষি ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ ১৯৭৬ সালে এই পদক প্রবর্তন করা হয়।
সংশোধিত বিল অনুযায়ী সরকার এর নামের সঙ্গে 'বঙ্গবন্ধু' শব্দটি যোগ করেছে। এখন থেকে এর নাম হবে 'বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক'।
যমুনা সেতু কর্তৃপক্ষ বিল
এচাড়া যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষ (সংশোধন) বিল সংসদে উত্থাপন করেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
তবে অধিকতর পর্যালোচনার জন্য এটি যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছে।
সংশোধিত এই বিল পাস হলে দেড় হাজার মিটারের বেশি দৈর্ঘ্যরে সব সেতুর কর্তৃত্ব 'বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ'-এর কাছে হস্তান্তর করা হবে, যা প্রতিষ্ঠা করেছিল বিগত তত্ত্বাবধায়ক সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24