রংপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। রোববার কার্যালয়টি সিলগালা করে দেওয়া হয়।
দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হকের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে সিলগালা করে দেন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় অবৈধভাবে নির্মিত দুটি দোকান ঘরও উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসক আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।"
তিনি জানান, কার্যালয়টি সিলগালা করার আগে নথিপত্রসহ সব সম্পদের একটি তালিকা তৈরি করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ রংপুর ইউনিটের কমিটি গঠন না হওয়া পর্যন্ত কার্যালয়টি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে বলে তিনি জানান।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে মঞ্জুরুল ইসলাম দায়িত্ব পালন করে আসছিলেন।
অপরদিকে রফিকুল ইসলাম নামে আরেক মুক্তিযোদ্ধা দাবি করেন জেলা কমান্ডার হিসেবে তাকে মনোনীত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২১ ঘ.
bdnews24