ঠাকুরগাঁও, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিনদিনের ব্যবধানে ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়ণপুরে রোববার আবারও যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার সকালে একই স্থানে একটি মেইল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছিল।
দুপুর আড়াইটার দিকে পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী ৪৩১ আপ যাত্রীবাহী লোকাল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন যাত্রী সামান্য আঘাতপ্রাপ্ত হন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের মাস্টার শামসুল হক।
তিনি জানান, লাইনচ্যুত বগিগুলো রেখেই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে। স্থানীয়ভাবে যন্ত্রপাতি ও লোকজন দিয়ে বগিগুলি লাইনে উঠানোর কাজ চলছে। রাত ১০ টার মধ্যে উদ্ধার কাজ শেষ হবে বলে তিনি আশা করছেন।
বৃহস্পতিবার সকালে একই স্থানে যাত্রীবাহী মেইল ট্রেন কাঞ্চন এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়েছিল। চলতি বছর এ লাইনে এ নিয়ে সাতবার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটল।
স্টেশন মাস্টার শামসুল হক জানান, ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে হরিনারায়ণপুরে পার্বতীপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালনাধীন লোকাল ট্রেনটির শেষের চারটি বগি লাইনচ্যুত হয়।
বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগের ব্যবস্থাপক কাজী রফিকুল ইসলাম রোববার ঠাকুরগাঁও ও পঞ্চগড় এলাকার স্টেশন ও রেল লাইন পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৮ ঘ.
bdnews24