২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

উজানে সীমান্তের ওপারে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতির সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও সীমান্তের অন্যপাশে ভারতীয় এলাকার বৃষ্টিপাতের কারণে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 01:40 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--উজানে সীমান্তের ওপারে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতির সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও সীমান্তের অন্যপাশে ভারতীয় এলাকার বৃষ্টিপাতের কারণে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুনামগঞ্জে সুরমা নদীর পানি ৪৬ সেন্টিমিটার এবং জারিয়া ঝাঞ্জাইলে কংশ নদের পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকা ও পদ্মা-মেঘনা অববাহিকায় গত কয়েকদিন ধরে পানির উচ্চতা বাড়ছে। তবে এখনও বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ও ত্রিপুরায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া বিভাগ আগামী ২৪ ঘণ্টার আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শনিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সিলেটে ৮৮, নোয়াখালীতে ৬২ ও কুমিল্লায় ৫৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে। বিভিন্ন নদীর ৭৩টি পয়েন্টের মধ্যে ৪০টি পয়েন্টে পানির উচ্চতা বেড়েছে। ২২টি স্থানে কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার বিকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯৪২ঘ.