চট্টগ্রাম, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা, বেতাগী এবং পৌরসভার আদিলপুর, মোহাম্মদপুর ও গুচ্ছগ্রাম এলাকায় গত দুদিনে পাহাড় ধসে ৪৪টি ঘরবাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকালে কর্ণফুলীর প্রবল জোয়ারে উপজেলার কুলমাই বেড়িবাঁধের দুশ' মিটার অংশ ধসে গেছে। এতে প্রায় ৪০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাঙ্গুনিয়ার ওইসব এলাকায় পাহাড়ের বিভিন্ন অংশ ভেঙে পড়ে ১০/১২টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন ঘরবাড়ি বিধ্বস্ত হয়নি। এতে তিনটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে বলে তিনি জানান।
ইউএনও জানান, শুক্রবার সকালে বেড়িবাঁধের দুশ' মিটার অংশ ধসে পড়ে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএসবি/২৩০৪ ঘ.
bdnews24