ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশজুড়েই কমবেশি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার দুপুর থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। উজানে প্রচুর বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানির উচ্চতা বেড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম ও মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাতের কারণে দেশের নীচু এলাকা আকস্মিক পানির ঢলে প্লাবিত হচ্ছে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া বিভাগ পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের পূর্বভাস দিয়েছে। পরিস্থিতির আরও অবনতির আশংকা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত আবহাওয়াবিদ শেখ শাহজাহান আলম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারা দেশেই বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিপাত আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর মেঘ নিয়ে আসছে।
তিনি বলেন, বাংলাদেশের তুলনায় ভারতের আসাম, মেঘালয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃহস্পতিবার বিকেল ৬টা পর্যন্ত রংপুরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। এছাড়া বান্দরবানের লামায় ১৪১, ফেনীর রামগড়ে ১১৫, ফরিদপুরে ১১০, বান্দরবানে ৯৬ ও বরিশালে ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
৪৭টি পয়েন্টে দেশের নদ-নদীর পানির উচ্চতা বেড়েছে। এর মধ্যে খোয়াই নদীর পানি হবিগঞ্জে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার বিকেল ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল রংপুর, সৈয়দপুর ও কক্সবাজারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/২১৫৪ ঘ.
bdnews24