সাভার, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর, কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় বৃহস্পতিবার ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নায়েব আলী (২৩), লিটন হোসেন (২৪), তাজুল ইসলাম (২৩), রহমত আলী (২২), লোকমান (৩৫), ওমর ফারুক (৩৫), রাকিব হোসেন (২৬) শাহমুদ্দিন (২২), শফিকুল ইসলাম (২৫), আশরাফুল মিয়া (২২), জসিম উদ্দিন (২২) ও শফিকুল ইসলাম (২৪)।
শনিবার আশুলিয়ার জামগড়ার এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামের একটি সোয়েটার কারখানায় শ্রমিকদের বিক্ষোভে আনসারের গুলিতে একজন মারা যায়। এ ঘটনায় পরদিন বিক্ষোভকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যায় আরেক শ্রমিক। পরদিন কয়েক হাজার শ্রমিক নরসিংহপুর এলাকায় হা-মীম গ্র"পের একটি পোশাক কারখানায় আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন কারখানা ভাঙচুর করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, শনিবার থেকে সোমবার- এ তিনদিন শিল্পাঞ্চলে অসন্তোষ সৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে তাদের আশুলিয়ার বিভিন্ন মহল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা আশুলিয়া এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। তবে কে কোন কারখানার শ্রমিক সেটা তিনি বলতে রাজি হননি। গ্রেপ্তার অভিযান চলবে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৩ ঘ.
bdnews24