২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ খাতে কিছু দেখা যায় না বলে মিডিয়া অস্থির হয়ে যায়: তৌফিক চৌধুরী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরী বিদ্যুৎ খাতের অবস্থা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে ভিন্নমত প্রকাশ করে বলেছেন, "এ খাতে দৃশ্যত কিছু দেখা যায় না বলে মিডিয়া একটু অস্থির হয়ে যায়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরী বিদ্যুৎ খাতের অবস্থা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে ভিন্নমত প্রকাশ করে বলেছেন, "এ খাতে দৃশ্যত কিছু দেখা যায় না বলে মিডিয়া একটু অস্থির হয়ে যায়।" বিদ্যুৎ খাতের কাজ সময়সাপেক্ষ ব্যাপার মন্তব্য করে তিনি বলেন, গত ৭ বছর বিদ্যুৎ ও জ্বালানি খাত অবহেলার শিকার হয়েছে। উপদেষ্টা বৃহস্পতিবার গাজীপুরের মাওনায় ৩৩ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। উপদেষ্টা বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে ৫০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছি। এর মধ্যে সরকারি খাতে ৩০০০ মেগাওয়াট এবং বেসরকারি খাতে ২০০০ মেগাওয়াট উৎপাদন করা হবে। তিনি বিদ্যুৎ খাতের সমস্যা সমাধানে ফার্নেস তেলের ওপর থেকে শুল্ক প্রত্যাহার, সরকারি-বেসরকারি অংশিদারিত্ব ও পৃথক তহবিল গঠনের পরিকল্পনার মতো বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। উপদেষ্টা বলেন, বিদ্যুৎ সাশ্রয়ী বাতি বিতরণ করা হলে ৩০০-৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী বিগত তত্ত্বাবধায়ক সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক কামালউদ্দিন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া ও সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড ১৪৫ কোটি টাকা ব্যয়ে এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। এ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ আরইবি'র কাছে প্রতি ইউনিট ২ টাকা ৩২ পয়সায় বিক্রি করা হবে। ময়মনসিংহ ও গাজীপুরের ১ লাখ ১২ হাজার গ্রাহককে এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে। সামিট বর্তমানে দেশের ৭টি স্থানে ২১৫ মেগাওয়াট ক্ষমতার ১০টি বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২০৪৩ঘ.