ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য অধিকার আইন বাস্তবায়নের অংশ হিসেবে সদ্যগঠিত তথ্য কমিশন ইতোমধ্যেই কাজ শুরু করলেও একে কার্যকর করার ব্যাপারে অনেক কিছু করা বাকি রয়ে গেছে।
তথ্য কমিশনের নিজস্ব কার্যালয় ও জনবল কাঠামোর বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তথ্য অধিকার আইন কার্যকর করতে সীমাবদ্ধতার কথা স্বীকার করেন।
তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, কমিশনের জন্য একটি অফিস স্থাপন এবং অফিসের সরঞ্জামের ব্যবস্থা করতে তথ্য মন্ত্রণালয় থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। কমিশনের জনবল কাঠামো এখনো মন্ত্রণালয়ের বিবেচনাধীন। কমিশনকে কার্যকর করতে বিধিমালা প্রণয়নের কাজও এখনো সম্পন্ন হয়নি।
আবুল কালাম আজাদ বলেন, "একদিনে এসব দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব নয়। ..সরকার এগুলো দূর করে কমিশনকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সরকারের সব চেয়ে বড় সাফল্য হচ্ছে, এতদিন তথ্য অধিকার আইনের কথা বলা হলেও কোন সরকার এটি করেনি।"
ব্রিফিংয়ে তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী জানান, আইন অনুযায়ী প্রত্যেক মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর-অধিদপ্তর ও সংস্থাকে একজন করে তথ্য কর্মকর্তা নিয়োগের জন্য চিঠি দেওয়া হয়েছে। সব প্রতিষ্ঠান থেকে একজন করে কর্মকর্তার নাম পাঠানো হয়েছে। এসব নামের তালিকা বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে। এসব কর্মকর্তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার তথ্য সংরক্ষণ এবং সরবরাহ করবেন।
তিনি জানান, কমিশনের কর্মকাণ্ড শুরু করতে অফিস স্থাপন, আসবাবপত্র কেনা এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করতে সরকারের কাছে দুই কোটি ২০ লাখ টাকা চাওয়া হয়েছে। ইতোমধ্যেই এর অনুমোদনও পাওয়া গেছে। শিগগিরই এসব কেনাকাটা করে কমিশনের কার্যক্রম শুরু করা হবে।
নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার এম আজিজুর রহমান কমিশনকে কার্যকর করতে গণমাধ্যমের সহায়তা কামনা করে বলেন, "তথ্য সরবরাহে যে দেয়াল বর্তমানে রয়েছে তা হয়তো একদিনে ভাঙা যাবে না, তবে আমরা এ দেয়াল সরিয়ে ফেলার চেষ্টা করবো। এক সময় এ প্রতিবন্ধকতা দূর হবেই।"
তিনি বলেন, যে দেশে তথ্য সরবরাহে যত স্বচ্ছতা রয়েছে, সেই দেশে তত দুর্নীতি কম হবে।
ফিনল্যান্ডের উদাহরণ দিয়ে প্রধান তথ্য কমিশনার বলেন, "১৭৬৬ সালে দেশটি তথ্য অধিকার নিশ্চিত করে। তাই এখন ওই দেশটি পৃথিবীর সবচেয়ে কম দুর্নীতিপ্রবণ দেশ। বাংলাদেশেও এ কমিশন কার্যকর হওয়ায় দুর্নীতি কমে আসবে। দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা হবে।"
ব্রিফিংয়ে নবনিযুক্ত দুই তথ্য কমিশনারের একজন মোহাম্মদ আবু তাহেরও উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান ও কমিশনার আবু তাহের মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/
bdnews24