হবিগঞ্জ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার দুপুরে কুশিয়ারা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয়েছেন তিনজন।
এরা হলেন- আজমেরীগঞ্জ উপজেলার জলশুকা ইউনিয়নের আফিয়া খাতুন (২৫) ও ইভা আক্তার (৫) এবং সুনামগঞ্জের শাল্লার অনিক ইসলাম (৪)।
উপজেলা প্রশাসন তাদের উদ্ধারে স্থানীয়তাদের সহায়তায় নদীতে তল্লাশি চালাচ্ছে। এদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
আজমেরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিলুল্লাহ জানান, সুনামগঞ্জের শাল্লা উপজেলা থেকে ইঞ্জিনচলিত একটি নৌকা ৩০ জন যাত্রী নিয়ে হবিগঞ্জের আজমেরীগঞ্জ আসছিল। আজমেরীগঞ্জ ঘাটে পৌঁছানোর আগেই দুপুর ১টার দিকে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
তিনি জানান, নিখোঁজদের উদ্ধারে প্রশাসন স্থানীয়দের সহায়তায় নদীতে নৌকা ও জাল নিয়ে তল্লাশি চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১১ ঘ.
bdnews24