ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ দফা দাবিতে দক্ষিণাঞ্চলের চারটি জেলার ৩৩টি রুটে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
ফলে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছে।
পাঁচ জেলার বাস মিনিবাস মালিক সমিতির সংগঠন 'সমন্বিত মালিক শ্রমিক ঐক্য পরিষদ' এ ধর্মঘটের ডাক দেয়।
খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও ঝালকাঠি পরিবহন ধর্মঘট শুরু হলেও বরিশালে শুরু হয়নি।
আগামী ৮ জুলাই ঢাকায় বাস মালিক সমিতির সঙ্গে যোগাযোগ মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে বরিশাল বাস-মিনিবাস মালিক সমিতি তাদের কর্মসূচি ঠিক করবে।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে পরিবহন খাতে অনিয়ম প্রতিরোধ, নছিমন-করিমনে যাত্রী পরিবহন বন্ধ, মোটর সাইকেলে যাত্রী পরিবহন বন্ধ, বিআরটিসির গাড়ি চলাচল বন্ধ এবং বাগেরহাট ও ঝালকাঠি বাস মালিক সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের বিভিন্ন সড়ক দিয়ে পুলিশের পাহারায় বিআরটিসি বাস চলাচল করছে। তবে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুর পর্যন্ত বিআরটিসির ১০টি গাড়ি বাগেরহাটের বিভিন্ন সড়ক দিয়ে চলাচল করেছে।
বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু জানান, পাঁচ দফা দাবিতে খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও ঝালকাঠির ৩৩টি রুটে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
বিআরটিসি কর্তৃপক্ষ চুক্তি ভেঙ্গে গাড়ি চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
নজরুল ইসলাম সাফ জানিয়ে দেন, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
বিআরটিসি খুলনা ডিপোর ব্যবস্থাপক নীহাররঞ্জন মজুমদার বলেন, সকালে বাগেরহাটের শরণখোলা থেকে খুলনাগামী বিআরটিসির গাড়িটি মোরেলগঞ্জের কেয়ার এলাকায় পৌঁছলে আন্দোলনকারীরা সেটিকে আটক করে। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে আন্দোলনকারীরা পিছু হটে যায়।
বাগেরহাটের পুলিশ সুপারিনটেনডেন্ট আওলাদ আলী ফকির বলেন, বিআরটিসির বাস চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলার ফকিরহাট, সদর, কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে পুলিশের ভ্রাম্যম্যাণ দল তৎপর রয়েছে।
বিআরটিসি বাস চলাচলে কোনো বাধা দিলে কঠোর হস্তে তা দমন করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মুয়াজ্জেম হোসাইন জানান, বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবি মোটেও যৌক্তিক নয়। এ বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে একাধিকবার বহুপাক্ষিক সভা হয়েছে এবং বাস মালিকদের সুস্পষ্টভাবে বিআরটিসির বাস চলাচলের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ৮ জুলাই মন্ত্রণালয়ে আবার আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে বাস মালিকদের অন্যান্য দাবির যৌক্তিকতা খতিয়ে দেখা হবে।
খুলনা প্রতিনিধি জানান, রূপসা, খুলনা, বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন মোল্লা বলেন- খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলার বেসরকারি বাস মালিক সমিতি দীর্ঘদিন ধরে তাদের লোকসানের কথা উল্লেখ করে বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে।
তিনি বলেন, গত ১৩ জুন দক্ষিণাঞ্চলের ৫ জেলার বাস মালিক শ্রমিকরা যৌথভাবে তাদের দাবি মেনে নেওয়ার জন্য ২৯ জুন পর্যন্ত চুড়ান্ত সময়সীমা বেঁধে দেয়। দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়।
ঝালকাঠি প্রতিনিধি জানান, বরিশাল, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া, কাউখালী, কাঁঠালিয়া, রাজাপুর, নলছিটি, আমুয়া, মোল্লারহাট ও নবগ্রাম রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
বরিশাল প্রতিনিধি জানান, মঙ্গলবার সকাল থেকে ঝালকাঠি জেলার সঙ্গে পিরোজপুরের বিভিন্ন রুটে বিআরটিসি বাদে বেসরকারি কোনো বাস চলাচল করেনি।
পিরোজপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান সাংবাদিকদের বলেন, সকাল থেকে জেলার বিভিন্ন রুটে তাদের সমিতির বাস চলাচল বন্ধ রয়েছে।
বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশাল বিভাগের চারটি জেলায় প্রতিদিনের মতো মঙ্গলবারও বেসরকারি বাস চলাচল করেছে। আগামী ৮ জুলাই বেসরকারি বাস মালিক সমিতির সঙ্গে যোগাযোগ মন্ত্রণালয়ে এ ব্যাপারে আলোচনা হবে।
"ওই সভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিআরটিসি বাস চলাচল বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়া হলে, আমরাও ধর্মঘটে যাব," তিনি বলেন।
বিআরটিসি বরিশাল ডিপোর ব্যবস্থাপক খান কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ১৩টি বাস বিভিন্ন রুটে চলাচল করেছে। তবে সকালের দিকে পিরোজপুরের মঠবাড়িয়াতে স্থানীয় বাস মালিক সমিতির লোকজন তাদের একটি বাস চলাচলে বাধা দেয়। কিন্তু পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২১৩০ ঘ.
bdnews24