জামালপুর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহ বাস-মিনিবাস মালিক সমিতির চাঁদাবাজি বন্ধের দাবিতে মঙ্গলবার সকাল থেকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে।
জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এ ধর্মঘট আহ্বান করে।
সকালে জামালপুর পৌর বাস টার্মিনালে সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ময়মনসিংহ বাস-মিনিবাস মালিক সমিতি সড়ক পথে পাঁচ জায়গায় বাস থেকে চাঁদাবাজি এবং যাত্রী হয়রানি করে।
সংবাদ সম্মেলনে ময়মনসিংহ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকারকে গ্রেপ্তার এবং স্থানে স্থানে চাঁদাবাজি বন্ধের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মদ চৌধুরী, সদস্য আব্দুস সালাম, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আনাম বাবলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24