২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর-ঢাকা মহাসড়ক চার ঘণ্টা অবরোধ

মটর মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার রাতে প্রায় চার ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। রাত নয়টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে রংপুর-ঢাকা রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 08:29 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

রংপুর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মটর মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার রাতে প্রায় চার ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। রাত নয়টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে রংপুর-ঢাকা রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে শহরের মডার্ন মোড়ে রংপুর-ঢাকা মহাসড়কের দু'পাশে নৈশকোচসহ কয়েক শ' যানবাহন আটকা পড়ে। পরে রাত সোয়া একটার দিকে পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। ফলে যানবাহন চলাচল আবার শুরু হয় বলে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ জানান। এ ব্যাপারে রংপুর জেলা মটর মালিক সমিতি এবং সংশ্লিষ্ট বাস মালিক পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি আলী আজগার আহাম্মেদ পিন্টু ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান রাঙ্গা জানান, সৈকত পরিবহনের ৪টি বাস রংপুরের পীরগাছা, চৌধুরানী, গঙ্গাচড়া ও বড়াইবাড়ি থেকে ঢাকা যাওয়া-আসা করে থাকে। কিন্তু কোনো রুট পারমিট না থাকায় তাদের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সৈকত পরিবহনের মালিক মাসুদ রানা তার লোকজন নিয়ে পীরগঞ্জের লালদিঘিতে জেলা মটর মালিক সমিতির চার মালিকের চারটি বাস আটকে রাখেন বলে তারা দাবি করেন। তারা বলেন, এ খবর পেয়ে জেলা মটর মালিক পক্ষের শ্রমিকরা মডার্ন মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। কিন্তু মাসুদ রানা জানান, ২০০৫ সাল থেকে জেলা মটর মালিক সমিতির লিখিত অনুমোদন নিয়ে রংপুরের চারটি স্থান থেকে তাদের চারটি বাস ঢাকা যাওয়া-আসা করে। এ জন্য তারা মালিক সমিতিকে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদাও দেন। তিনি অভিযোগ করেন, কিন্তু মে মাসে আবারো ২ লাখ টাকা চাঁদা দাবি করেন মালিক সমিতির সভাপতি পিন্টু ও রাঙ্গার লোকজন। চাঁদা না দেওয়ায় তার গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ বলেন, রাত সোয়া একটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়েছে। বিরোধ মীমাংসার চেষ্টা চলছে। বুধবার উভয় পক্ষ ও পুলিশ কর্মকর্তারা এ ব্যাপারে বৈঠকে বসবেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/টিআর/০২৩২ ঘ.