২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মতিনের চাপে' অনিয়মের কথা স্বীকার করেছেন সাবেক সচিব

বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিনের শেষ কর্মদিবসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার কাজ বরাদ্দে অনিয়ম হয়েছিল বলে সোমবার স্বীকার করেছেন সাবেক নৌ-পরিবহন সচিব শেখ এ কে মোতাহার হোসেন। নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির অভিযোগ, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ব্যবস্থাপনায় পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সাবেক উপদেষ্টা মতিন তার শেষ কর্মদিবসে 'ইসহাক ব্রাদাসর্' নামের একটি নতুন কোম্পানিকে কাজ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিনের শেষ কর্মদিবসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার কাজ বরাদ্দে অনিয়ম হয়েছিল বলে সোমবার স্বীকার করেছেন সাবেক নৌ-পরিবহন সচিব শেখ এ কে মোতাহার হোসেন। নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির অভিযোগ, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ব্যবস্থাপনায় পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সাবেক উপদেষ্টা মতিন তার শেষ কর্মদিবসে 'ইসহাক ব্রাদাসর্' নামের একটি নতুন কোম্পানিকে কাজ দেন। বিষয়টি খতিয়ে দেখতে গঠিত সর্বদলীয় উপ-কমিটির সোমবারের বৈঠকে সাবেক সচিব মোতাহার হোসেন অনিয়মের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন কমিটি প্রধান মো. শাহ আলম। শাহ আলম সাংবাদিকদের জানান, বৈঠকে সচিব মোতাহার হোসেন বলেছেন, ইসহাক ব্রাদার্সকে কাজ পাইয়ে দেওয়ার জন্য মতিনের কাছ থেকে উপদেষ্টা হিসেবে তার শেষ কর্মদিবস ৬ জানুয়ারি তিনি 'চাপের মধ্যে' ছিলেন। শাহ আলম বলেন, "সে প্রক্রিয়ায় কিছু অনিয়মের কথা উল্লেখ করে সচিব আমাদের বৈঠকে তদন্ত কমিটির কাছে একটি লিখিত বিবৃতি দিয়েছেন।" "আমি সরল বিশ্বাসে কিছু ভুল করেছি। তাছাড়া, আমি উপদেষ্টা মতিনের কাছ থেকে চাপের মধ্যে ছিলাম," হোসেনের বরাত দিয়ে বলেন তদন্ত কমিটির সভাপতি শাহ আলম। অভিযোগ তদন্তে নৌ-পরিবহন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গত ২৭ জানুয়ারি চার সদস্যের এ কমিটি গঠনের পর এক সংবাদ সম্মেলন করে কোনও অনিয়ম না করার দাবি করেন মতিন। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গঠন করা গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান ছিলেন মতিন। চার সদস্যের এ তদন্ত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, আওয়ামী লীগের শামসুল হক চৌধুরী ও নজরুল ইসলাম এবং বিএনপির মোস্তফা কামাল পাশা। সংসদীয় স্থায়ী কমিটি জানিয়েছে, মতিন টেন্ডার কমিটির প্রতিবেদন মূল্যায়নের জন্য ৫ জানুয়ারি বিকেল ৫টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড মিটিং ডাকেন বলে বন্দরের নথিপত্রে রয়েছে। কমিটি বলছে, ওই বৈঠকের পর বন্দর কর্তৃপক্ষ ইসহাক ব্রাদার্সকে ২৪ ঘণ্টার মধ্যে কাজ পাইয়ে দেওয়ার জন্য ফাইলটির প্রাথমিক কাজ সম্পন্ন করে তা বিমানযোগে ঢাকায় পাঠিয়ে দেয়। তারা আরও বলছে, ফাইলটি ৬ জানুয়ারি সকালেই অনুমোদিত হয় এবং উপদেষ্টার স্বাক্ষরের পর প্রয়োজনীয় কাজের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়। স্থায়ী কমিটি জানিয়েছে, বঙ্গভবনে নতুন সরকার শপথ নিচ্ছে এমন সময় ইসহাক ব্রাদার্সকে কাজটি দেওয়া হয়। তারা বলছে, ফাইলটি ৬ জানুয়ারি বিকেলে চট্টগ্রামে পৌঁছায় এবং বন্দর কর্তৃপক্ষ রাত ৯টায় ইসহাক ব্রাদার্সকে কাজ দেয়। "কোনও বোর্ড মিটিং না হলেও আমাদের বোর্ড মিটিং হওয়ার কথা লিখতে হয়েছিল," বর্তমানে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য হিসেবে কর্তব্যরত সাবেক সচিব মোতাহার হোসেনের বরাত দিয়ে বলেন শাহ আলম। ফাইলটি প্রস্তুত করেছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরিফ মো. মাসুদ। তদন্ত কমিটির সোমবারের বৈঠকে সাবেক সচিব মোতাহার হোসেনের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন। শাহ আলম জানান, বৈঠকে মোতাহার হোসেনের সামনে মাসুদ বলেন, "সেক্রেটারি স্যারের চাপেই আমাকে এটা করতে হয়েছিল। তিনি আমাকে শারীরিকভাবে আঘাত করা ছাড়া আর সব কিছুই করেছিলেন।" কমিটি জুলাই মাসের প্রথম সপ্তাহে আবার বৈঠকে বসে উপদেষ্টা মতিনকে তলব করার তারিখ ঠিক করবে বলেও জানান শাহ আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসকে/২০৩৫ঘ.