২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসির ১৪১১ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আগামী ২০০৯-১০ অর্থবছরের জন্য এক হাজার ৪১১ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে এক হাজার ২১ কোটি তিন লাখ টাকা। সোমবার ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা এ বাজেট ঘোষণা করেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 09:22 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আগামী ২০০৯-১০ অর্থবছরের জন্য এক হাজার ৪১১ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে এক হাজার ২১ কোটি তিন লাখ টাকা। সোমবার ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০৩ কোটি ৮০ লাখ টাকা। এর বাইরে সরকারি থোক ও বিশেষ অনুদান ১০০ কোটি টাকা করে ২০০ কোটি টাকা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বমূলক (পিপিপি) প্রকল্পের আওতা ও বিভিন্ন বিদেশি সাহায্য বাবদ আয় ধরা হয়েছে ৫৪০ কোটি ৭৮ লাখ টাকা। বাজেট প্রস্তাবে সমন্বয়ের সুবিধার জন্য ডিসিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নেওয়ার প্রস্তাব করেন মেয়র সাদেক হোসেন খোকা। মেয়র বলেন, "নগরীর উন্নয়নে বহু বিভাগ, দপ্তর-অধিদপ্তর থাকায় সুষম উন্নয়ন অসম্ভব না হলেও ব্যয়বহুল ও কঠিন হয়ে পড়ে। তাই সমন্বয়ের ক্ষেত্রে দ্রুত ও বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়ার সুবিধার্থে ডিসিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নেওয়ার প্রস্তাব করছি।" তিনি ঢাকা সিটি করপোরেশনের জন্য একাধিক ডেপুটি মেয়রের পদ সৃষ্টিরও আহ্বান জানান। মেয়র বলেন, "আগে ডিসিসিতে তিনটি ডেপুটি মেয়রের পদ ছিল। বর্তমানে এগুলো বিলুপ্ত করা হয়েছে। ডিসিসির কাজের গতিশীলতা আনার জন্য এ পদের প্রয়োজন রয়েছে।" সিটি করপোরেশনের বর্তমান ঋণের কথা তুলে ধরে খোকা বলেন, "আমার দায়িত্ব গ্রহণের সময় ডিসিসি'র দেনার পরিমাণ ছিল প্রায় ৬৩১ কোটি টাকা। এ দেনার ৩৯১ কোটি টাকা ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। বর্তমানে ডিসিসির দেনার পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা।" বর্তমান প্রশাসন নতুন করে কোনো দেনা করেনি বলেও দাবি করেন তিনি। প্রস্তাবিত বাজেটে কোনো কর বৃদ্ধি বা নতুন করারোপ না করার কথা জানিয়ে মেয়র বলেন, "নিয়ম অনুসরণ করে যথারীতি ১২ শতাংশ হারে ডিসিসি কর আদায় করছে। এ হার এবারও ঠিক রাখা হয়েছে। তবে রাজস্ব আদায় বাড়ানোর জন্য কর আদায়ের খাত বৃদ্ধি ও বিভিন্ন খাতে কর আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে সংস্থাটি বেশি পরিমাণে কর আদায় করে নগরবাসীর জন্য সুযোগ-সুবিধা বাড়াতে পারে।" প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩২১ কোটি ৮০ লাখ টাকা। গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এটি ছিল ২৭৬ কোটি ৫১ লাখ এবং সংশোধিত বাজেটে ২৭২ কোটি ৪৭ টাকা। গত অর্থবছরের সংশোধিত বাজেটে উন্নয়ন খাতে মাত্র ৪৬৬ কোটি ৪৫ টাকা ব্যয় হলেও এ বছর এ ব্যয় বাড়িয়ে ধরা হয়েছে এক হাজার ২৩ কোটি তিন লাখ টাকা। তবে এ বছর অন্যান্য খাতে ব্যয় ১৮ কোটি ৩০ লাখ টাকা থেকে কমিয়ে আট কোটি ৭৫ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে। গত অর্থবছরে ডিসিসির ঘোষিত বাজেট ছিল এক হাজার নয় কোটি ৪১ লাখ টাকার। সোমবার নতুন বাজেট ঘোষণার আগে এ বাজেটের সংশোধনী অনুমোদন করা হয়। গত বছরের সংশোধিত বাজেটের পরিমাণ ৮৭২ কোটি ২২ লাখ টাকা যা ঘোষিত নতুন বাজেটের প্রায় ৬০০ কোটি টাকা কম। ঢাকা মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত ওই বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিসিসি'র অর্থ উপ-কমিটির আহ্বায়ক কাউন্সিলর কাজী আবুল বাশার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নূরুল হক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২০০৮ঘ.