২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার অস্থিতিশীল করতেই বোমা হামলার হুমকি: ডিএসই

পুঁজিবাজার অস্থিতিশীল করতে সোমবার সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বোমা হামলার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন ডিএসই'র সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম। বিকেলে ডিএসই ভবনে সাংবাদিকদের তিনি বলেন, "একটি বিশেষ মহল বাজার অস্থিতিশীল করার জন্য এই গুজব ছড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 09:01 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার অস্থিতিশীল করতে সোমবার সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বোমা হামলার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন ডিএসই'র সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম। বিকেলে ডিএসই ভবনে সাংবাদিকদের তিনি বলেন, "একটি বিশেষ মহল বাজার অস্থিতিশীল করার জন্য এই গুজব ছড়িয়েছে। "ডিএসই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর একটি। তারা এটাকে অস্থিতিশীল করে দেশের সামগ্রিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছিল।" এক বিবৃতিতে ডিএসই জানিয়েছে, মূল ভবন ও সংলগ্ন বর্ধিত ভবনে তল্লাশি চালিয়ে বিস্ফোরক জাতীয় কোনও কিছু পাওয়া যায় নি। বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে সোমবার দুপুর সোয়া একটার দিকে ডিএসই'র লেনদেন বন্ধ করে দেওয়া হয়। ডিএসই'র জনসংযোগ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, বেলা সোয়া ১১টার দিকে একটি টেলিফোন কলে হুমকি দেওয়া হয় যে, ডিএসই ভবনে একটি বোমা রাখা আছে। তা শিগগিরই বিস্ফোরিত হবে। বিকেল তিনটার দিকে ডিএমপি উপ-কমিশনার খন্দকার মুহিদউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বোমা পেতে রাখার ব্যাপারটি পুরোপুরি গুজব ছিল। তিনি বলেন, "হুমকি প্রদানকারী বলেছিল, দুপুর দুইটার মধ্যে বোমা বিস্ফোরিত হবে। আমি সেখানে দুইটা পর্যন্ত ছিলাম... এটা স্পষ্ট যে আতঙ্ক সৃষ্টির জন্য এ গুজব ছড়ানো হয়েছিল।" কে বা কারা এর পেছনে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। ডিএসই'র বিবৃতিতে আরও জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি শেষে ভবনসমূহকে নিরাপদ বলে মন্তব্য করেছে। প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আশঙ্কার কোনও কারণ নেই উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, মঙ্গলবার থেকে ডিএসই-তে লেনদেন যথারীতি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলবে। ডিএসই-তে এ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/আরএ/এইচএ/ ১৮০০ ঘ.