২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট ও শরীয়তপুরে দুই তরুণী খুন

বাগেরহাটের মোরেলগঞ্জ এবং শরীয়তপুর সদর উপজেলায় পৃথক ঘটনায় দুই তরুণী খুন হয়েছেন। শনিবার রাতে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 12:08 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ এবং শরীয়তপুর সদর উপজেলায় পৃথক ঘটনায় দুই তরুণী খুন হয়েছেন। শনিবার রাতে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। শরীয়তপুরে খুন হয়েছেন বেসরকারি সংস্থা এসডিএস এর মাঠকর্মী রাধা রানী হালদার (২০)। এ ঘটনায় মোতালেফ হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাটে খুন হওয়া তরুণীর পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি জানান, মোরেলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামের মোখলেছুর রহমানের বাড়িতে বেড়াতে এসে এক তরুণী খুন হয়েছেন। তার বয়স আনুমানিক ২২ বছর। পুলিশ শনিবার রাতে মোখলেছুরের প্রতিবেশী হেলাল উদ্দিনের বাড়ির ডোবা থেকে তার লাশ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে স্থানীয় লোকজন চর হোগলাবুনিয়া গ্রামের মো. হেলাল উদ্দিনের বাড়ির ডোবায় এক তরুণীর লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ২৫ জুন ওই তরুণী মোখলেসুর রহমানের বাড়িতে বেড়াতে আসেন। পরদিন পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া থেকে দুলাল সরদার ও রমিজ সরদার নামের দুই যুবক ওই বাড়িতে বাড়িতে আসেন। শনিবার ওই দুই যুবকসহ মোখলেছুর রহমানের পরিবারের সদস্যরা ঘরবাড়ি ফেলে পালিয়েছে। এসআই রিয়াজুল আরও জানান, ওই তরুণীকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক মারুফ হোসেন বাদী হয়ে রোববার মোখলেছুর রহমান, তার স্ত্রী এবং ওই দুই যুবককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য রোববার সকালে তার লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি জানান, বেসরকারি সংস্থা এসডিএস'র মাঠকর্মী রাধা রানী হালদারকে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা ৪৩ হাজার সাতশ' ৯৬ টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে য়ায়। এ ঘটনায় মোতালেফ হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালং থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসডিএস'র মাঠকর্মী রাধা রানী হালদার শনিবার সকালে সদর উপজেলার তুলাসার ইউনিয়নের বাইশ রশি গ্রামে তিনটি সমিতির কিস্তির টাকা ওঠাতে যান। এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি জানান, রাত ১০টার দিকে তুলাসার গ্রামের এসকেন রাঢ়ীর বাড়ির পাশের ঝোপের মধ্যে থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৮১৪ ঘ.