পটুয়াখালী, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ এলাকা থেকে জেলার পাট গবেষণা উপকেন্দ্রের কর্মকর্তা মাজহারুল ইসলামের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২ টার দিকে নীলগঞ্জ স্লুইজ গেটের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাজহারুল কলাপাড়ার পাখিমারা এলাকায় অবস্থিত পটুয়াখালী পাট গবেষণা উপকেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।
গবেষণা কেন্দ্রের কর্মকর্তাদের বরাত দিয়ে কলাপাড়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসাহাক আলী সাংবাদিকদের জানান, বুধবার বিকেলে মাজহারুল ইসলাম ঢাকা থেকে কলাপাড়ায় আসেন। কিন্তু পরদিন তিনি কার্যালয়ে যাননি। তাকে খুঁজেও পাওয়া যাচ্ছিল না।
তিনি জানান, স্লুইজ গেটের পাশে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাশে পচন ধরেছে এবং অনেক স্থানে ত্বকও খসে গেছে। ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০২ ঘ.
bdnews24