নড়াইল, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দাবি আদায়ের লক্ষ্যে জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের ডাকে নড়াইলের আটটি রুটে বাস ধর্মঘট চলছে। এ কারণে নড়াইল থেকে যশোর, মগুরা ও খুলনাসহ বিভিন্ন এলাকায় বাস ও মিনিবাস চলছে না।
বাসচালকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ চারদফা দাবিতে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করে মালিক ও শ্রমিক ইউনিয়ন।
জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান লিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসচালকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ছাড়াও বাসে অগ্নিসংযোগের ক্ষতিপূরণ, নসিমন-করিমন (শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয় যান) বন্ধ এবং বাস মালিকদের পক্ষ থেকে করা মামলা দ্রুত বিচার আইনে নেওয়ায় দাবিতে তারা ধর্মঘট পালন করছেন।
২৩ জুন নড়াইল-নোয়াপাড়া-খুলনা সড়কের আগদিয়ারচরে বাস চাপায় কলেজ ছাত্র লিটন বিশ্বাস নিহত হন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। চালকসহ চারজনের বিরুদ্ধে মামলাও করা হয়।
ধর্মঘটে যেসব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে সেগুলো হল- নড়াইল-যশোর, নড়াইল-কালনা, নড়াইল-মাগুরা, নড়াইল-মাইজপাড়া, নড়াইল-নওয়াপাড়া, নড়াইল-খুলনা, কালিয়া-নড়াইল ও কালিয়া-যোগানিয়া ।
শুক্রবার বিকেলে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্মঘটের সিদ্ধান্ত নেয় মালিক ও শ্রমিক ইউনিয়ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২১ ঘ.
bdnews24