২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ুর্বেদিক খাতে ব্যয়ের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি

জাতীয় স্বাস্থ্য বাজেটের আট শতাংশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা খাতে ব্যয়ের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনানি ওষুধ শিল্প সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 11:05 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্বাস্থ্য বাজেটের আট শতাংশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা খাতে ব্যয়ের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনানি ওষুধ শিল্প সমিতি। একইসঙ্গে মূল্য সংযোজন কর (মূসক) থেকে এ শিল্পকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখারও দাবি করেছে তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির। আবদুল কাদির বলেন, "২০০৫ সাল থেকে ইউনানি ওষুধ শিল্প মূসক অব্যাহতি সুবিধা ভোগ করে আসছে। তবে ২০০৯-১০ সালের প্রস্তাবিত বাজেটে এ সুবিধা প্রত্যাহার করে অন্য শিল্পের মতো এতেও ১৫ শতাংশ মূসক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে এ অনগ্রসর শিল্পের আরো ক্ষতি হবে।" প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ ৬ হাজার ৯৮০ কোটি টাকা। এর মধ্যে ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষা, চিকিৎসা, হাসপাতাল ও গবেষণার জন্য বরাদ্দ মাত্র ৭ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। যা প্রস্তাবিত স্বাস্থ্য বাজেটের দশমিক ১ শতাংশ। তিনি বলেন, "জাতীয় স্বাস্থ্য বাজেটের আট শতাংশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা খাতে ব্যয়ের সরকারি সিদ্ধান্ত রয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার ৭০ শতাংশ এ পদ্ধতির মাধ্যমেই করা সম্ভব হবে। যা স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটাবে।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সমিতির সভাপতি ইউসুফ হারুন ভূঁইয়া, উপদেষ্টা শেখ ইসহাক খান, সহ-সভাপতি খোদাদাদ আহমেদ ও কোষাধ্যক্ষ আকতার হোসেন উপস্থিত ছিলেন। ইউসুফ হারুন জানান, ১৯৮২ সালে ওষুধ প্রশাসন অধিদপ্তর ইউনানি চিকিৎসা ব্যবস্থাকে স্বীকৃতি দেয়। কিন্তু ২৭ বছরেও অধিদপ্তরে এ শিল্পের জন্য কোন লোকবল নিয়োগ করা হয়নি। ফলে শতাধিক শিল্প মালিক তাদের সনদ নবায়ন করতে পারছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/১৭১৫ ঘ.