২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আনসারের গুলিতে শ্রমিক নিহত

সাভারের আশুলিয়া থানাধীন জামগড়া এলাকার একটি পোশাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর আনসারের গুলিতে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অপর এক শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 07:45 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

সাভার (ঢাকা), জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়া থানাধীন জামগড়া এলাকার একটি পোশাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর আনসারের গুলিতে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অপর এক শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিকের নাম- আল আমিন (২০)। তাকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্য চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপরজনের নাম- রনি। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া সংঘর্ষে আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সোয়েটার কারখানা এস সুহি ইন্ড্রাস্টিয়াল পার্কে সকাল সাড়ে ১০ দিকে সংঘর্ষ শুরু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন। তিনি জানান, সকাল ১১ টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে জামগড়া ও নরসিংহপুর এলাকার সব কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে ওসি জানান। পুলিশ কর্মকর্তা বলেন, "মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে আনসার সদস্যরা তাদের শান্ত করতে যায়। কিন্তু শ্রমিকরা দায়িত্বরত আনসার সদস্যদের ওপর ঢিল ছোড়ে এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তখন বাধ্য হয়ে আনসার সদস্যরা গুলি চালায়।" তিনি জানান, সকাল সাড়ে ১০ টার দিকে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে কারখানার জানালা দরজার কাচ ভাঙচুর করে। এ সময় তারা কারখানার পণ্যবহনের কাজে ব্যবহৃত একটি গাড়িও ভাঙচুর করে। পরে শ্রমিকরা আনসার ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। ওসি জানান, ১১ টার দিকে বিক্ষুদ্ধ শ্রমিকরা জামগড়া বাস স্ট্যান্ডের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এসময় তারা ৮/১০টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আনসার সদস্য ও তাদের অস্ত্র থানা হেফাজতে রয়েছে। তবে গুলিতে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কোন আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঢাকা মেডিকেল প্রতিনিধি জানান, দুই শ্রমিককে আনার পর চিকিৎসকরা আল আমিনকে মৃত ঘোষণা করেন। রনির অবস্থা আশঙ্কাজনক। আল আমিন ও রনিকে নিয়ে আসা শ্রমিক রানা পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনসারের গুলিতে আহত দুই সহকর্মীকে তিনি হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে একজন মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি জানান, গত কয়েকদিন ধরে কারখানাটিতে অসন্তোষ চলছিল। শ্রমিকরা মজুরি বৃদ্ধি, ওভারটাইম ভাতার জন্য আন্দোলন করছিল। শ্রমিকরা জানায়, শ্রমিকদের কয়েকজন গত ২৫ জুন দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দেয়। এদের মধ্যে তিনজনের হাজিরা কার্ড কর্তৃপক্ষ আটকে রাখে। রফিকুল ইসলাম নামে এক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টায় শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবি জানালে কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। ওই সময় কারখানা কর্তৃপক্ষের নির্দেশে কারখানার ভেতরে দায়িত্বরত আনসার সদস্যরা এগিয়ে আসে। সংঘর্ষের এক পর্যায়ে আনসার সদস্যরা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ আল আমিন ও রনিকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি জানান, কারখানারটির সোয়েটার শাখা প্রায় সাতশ' শ্রমিক কাজ করেন। সংঘর্ষে অপর আহতরা হলেন- কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আমিনুর রহমান, সহকারী জিএম কামাল উদ্দিন, শ্রমিক রাকিবুল ইসলাম, আলমগীর হোসেন, রনি, জাহাঙ্গীর, উত্তম কুমার, আনসার সদস্য শাহজাহান, রহমান। আহত রাকিবুল ইসলাম, আলমগীর হোসেন, রনি, জাহাঙ্গীর, উত্তম কুমারসহ কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষের নির্দেশে আনসার সদস্যরা গুলি ছোড়ে। তারা দাবি করেন, আনসারদের গুলিতে ঘটনাস্থলেই আল-আমিন নিহত হয়েছেন। গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে এস সুহি ইন্ডাষ্ট্রিয়াল পার্ক লিমিটেড'র ব্যবস্থাপক মো. মঞ্জুর রহমান বলেন, "শ্রমিকরা আনসারদের রাইফেল নিয়ে টানাটানি করায় তারা আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। কোনো সংগঠন শ্রমিকদের উসকানি দিয়ে থাকতে পারে বলে তিনি মনে করে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে মামলা করবে বলেও জানান মঞ্জুর। কারখানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) মো. মেহের আলী দাবি করেন, "শ্রমিকদের রোষানল থেকে বাঁচতে প্রথমে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। শ্রমিকরা ক্যাম্পে আগুন দিতে গেলে আনসার সদস্য রহমত আলী এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।" তিনি অভিযোগ করেন, শ্রমিকরা আনসার সদস্য শাহজাহানকে মারধর করে পাঁচ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে গেছে। তাদের হামলায় আনসার সদস্য শাহজাহান ও রহমান আহত হয়েছেন। তবে গুলি ছিনিয়ে নেওয়ার বিষয়টি আশুলিয়া থানা পুলিশ অবগত নয় বলে জানিয়েছেন ওসি। এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংহপুর এলাকার মেডলার এ্যাপাররেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কর্তব্যরত আনসার সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ওসি মনোয়ার জানান, নরসিংহপুরে কেউ হতাহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/আরএ/এমআই/এমএসবি/১৪২০ ঘ.