কিশোরগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় শুক্রবার দুপুরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ১৬ জন।
গুলিবিদ্ধরা হলেন- সুলায়মান মাস্টার (৬০), কফিল মিয়া (৩০), ফাতেমা বেগম (৪০), ছামেদ মিয়া (৪০), কবির হোসেন (১৭), মাহবুবুর রহমান (১৪), জিল্লু মিয়া (৩৮), রাসেল (১১), সিরাজ মিয়া (২৫), হেলাল মিয়া (৬০), সামাদ মিয়া (৩৫), তারেক মিয়া (১১), মোমেন মিয়া (১৯), জজ মিয়া (৪৫), সফিক (১০) ও সেলিম (২০)।
এদের মধ্যে হেলাল, ফাতেমা, সামাদ, অহিদ ও ছামেদকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের ভর্তি করা হয়েছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের জয়নাল ও আলম মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। আহতরা সবাই আলম মিয়ার লোকজন বলে গ্রামবাসী ও পুলিশ জানায়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির (ওসি) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার আলম মিয়ার বাড়ি থেকে একটি রিকশা চুরি হয়। চুরির ঘটনায় অভিযুক্ত করা হয় জয়নাল বাড়ির লোকজনকে। এ নিয়ে ওইদিনই দু'পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। বিষয়টি মিমাংসার জন্য শুক্রবার সকালে সালিস বৈঠক হওয়া কথা ছিল।
সকালে আলম মিয়ার বাড়ির লোকজন সালিশে আসার প্রস্ততি নিচ্ছিল। এ সময় জয়নাল পক্ষের অন্তত শতাধিক লোক দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আলম মিয়ার বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে এলোপাথাড়ি গুলি করতে শুরু করে। পরে লাঠি ও বল্লম দিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
প্রায় এক ঘণ্টা ধরে এ তাণ্ডবের সময় তারা বাড়িঘরে লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি বলেন, সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্তরা পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সোলায়মান মাস্টার, কফিল মিয়াসহ আহতরা বলেন, কোন কিছু বুঝে ওঠার আগেই জয়নালের পক্ষের সিদ্দিক, বাদশা, রশিদ, মিন্টুু, তাহের, হুমায়ুন, আলকাছ, আল-আমিন ও মুক্তার মিয়াসহ অন্তত শতাধিক লোক বাড়িতে ঢুকেই গুলি চালাতে শুরু করে। বিভিন্ন জায়গায় লুকিয়েও হামলাকারীদের হাত থেকে তারা রেহায় পাননি।
তারা দাবি করেন, জয়নাল পক্ষের অধিকাংশ লোক নৌ-ডাকাতির সঙ্গে জড়িত থাকার কারণে তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।
এ ব্যাপারে জয়নাল পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। গ্রেপ্তার এড়াতে তারা সবাই গ্রাম ছেড়ে চলে গেছে বলে স্থানীয়রা জানান।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলিবিদ্ধ গুরুতর আহত পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়। বাকিরা চিকিৎসাধীন আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০৩২ ঘ.
bdnews24