২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রশাসনের ভেতরের স্বার্থান্বেষী মহল ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে বাধা'

২০২১ সালের মধ্যে সরকারের 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার পরিকল্পনা বাস্তবায়নে অন্যতম বাধা প্রশাসনের ভেতরকার একটি স্বার্থান্বেষী মহল। প্রস্তাবিত বাজেট নিয়ে শুক্রবার এক সেমিনারে এ অভিমত দিয়েছেন বক্তারা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত 'ডিজিটাল বাংলাদেশ গড়ায় প্রস্তাবিত বাজেটের অবদান' শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০২১ সালের মধ্যে সরকারের 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার পরিকল্পনা বাস্তবায়নে অন্যতম বাধা প্রশাসনের ভেতরকার একটি স্বার্থান্বেষী মহল। প্রস্তাবিত বাজেট নিয়ে শুক্রবার এক সেমিনারে এ অভিমত দিয়েছেন বক্তারা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত 'ডিজিটাল বাংলাদেশ গড়ায় প্রস্তাবিত বাজেটের অবদান' শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার তার মূল প্রবন্ধে বলেন, সরকারকে প্রথমে এ ব্যাপারে তার কর্মপদ্ধতি ঠিক করতে হবে। আর তা-ই হবে ডিজিটাল বাংলাদেশের ভিত্তি। ডিজিটাইজড করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে তিনি স্থানীয় সরকার, শিক্ষা, কৃষি, শিল্প ও বাণিজ্য খাতকে চিহ্নিত করেন। ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে মূল্য সংযোজন কর প্রত্যাহারে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে জব্বার বলেন, এটা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি ই-কমার্স চালুর জন্য অনলাইন ক্রেডিট কার্ড লেন-দেনের সুযোগ করে দিতে পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রীকে অনুরোধ জানান। বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান বলেন, সরকারের অভ্যন্তরের একটি 'স্বার্থান্বেষী মহল' সব সময়ই ই-গভর্ন্যান্সের প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে। তিনি বলেন, "এদেরকে কঠোর হাতে মোকাবেলা করতে না পারলে ই-গভর্ন্যান্স বাস্তবায়ন সম্ভব হবে না।" সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, ডিজিটাল বিভাজনের বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, "ডিজিটাল বাংলাদেশের পাশাপাশি যেন একটি নন-ডিজিটাল বাংলাদেশের উদ্ভব না হয় সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।" এ বিষয়ে অর্থমন্ত্রী জানান, ডিজিটাল বাংলাদেশের একটা নীতিমালা প্রণয়ন হচ্ছে। ই-কমার্সের বিষয়ে তিনি বলেন, "অনলাইন ক্রেডিট কার্ড লেন-দেন চালু করার মতো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশে নেই। ভোক্তার তথ্য রক্ষা করার মতো পর্যাপ্ত বন্দোবস্ত আমাদের এখন পর্যন্ত নেই।" ই-গভর্ন্যান্সকে ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে উল্লেখ করে মুহিত বলেন, সরকার তার মেয়াদেই এটা প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা চালাবে। মোবাইল ফোন সেট ও সিম কার্ডের ওপর করের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এজে/এইচএ/২১৫০ ঘ.