২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দফার দাবিতে নড়াইলের আট রুটে বাস ধর্মঘট আহ্বান

বাসচালকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে নড়াইলের আটটি রুটে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

নড়াইল, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাসচালকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে নড়াইলের আটটি রুটে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়ন। শুক্রবার বিকেলে নতুন বাস টার্মিনাল ভবনে মালিক ও শ্রমিক ইউনিয়নের এক সভায় ধর্মঘটের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার নড়াইল-নোয়াপাড়া-খুলনা সড়কের আগদিয়ার চর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র লিটন বিশ্বাস নিহত হন। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ ছাত্ররা বাসটিতে অগ্নিসংযোগ করেন। বাসচালকসহ চার জনের বিরুদ্ধে একটি মামলা হয়। অপরদিকে, অগ্নিসংযোগের অভিযোগে বাস মালিকও একটি মামলা করেন। জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাদেক আহম্মেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের চার দফা দাবি না মানা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। যেসব রুটে বাস ধর্মঘট ডাকা হয়েছে সেগুলো হল- নড়াইল-যশোর, নড়াইল-কালনা, নড়াইল-মাগুরা, নড়াইল-মাইজপাড়া, নড়াইল-নওয়াপাড়া-খুলনা, লোহাগড়া-মানিকগঞ্জ, কালিয়া-নড়াইল, কালিয়া- যোগানিয়া। মালিক ও শ্রমিক ইউনিয়নের দাবির মধ্যে আরও আছে- বাসে অগ্নিসংযোগের ক্ষতিপুরণ, নসিমন-করিমন (শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয় যান) বন্ধ, বাস মালিকদের করা মামলা দ্রুত বিচার আইনে নেওয়া। জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক নাজমুল হাসান লিটু, জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাদেক আহম্মেদ খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২০ ঘ.