২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজারে সন্ত্রাসী হামলায় নিহত ৩

রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার দুপুরে সন্ত্রাসী হামলায় তিনজন নিহত হয়েছে। নিহতদের দুইজন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের স্থানীয় নেতা। ওই বাজারে তাদের ফলের আড়ত ও ব্যবসায় প্রতিষ্ঠান আছে। হত্যাকাণ্ডের কারণ পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ঘাটন করতে পারেনি। তবে স্থানীয়রা বলছে, বাজারের নিয়ন্ত্রণ নিয়ে এ ঘটনা ঘটতে পারে। হামলায় আহত অপর জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 09:03 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার দুপুরে সন্ত্রাসী হামলায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে দুইজন গুলিতে মারা গেছেন। অপর জনের দেহে গুলির চিহ্ন নেই জানিয়ে চিকিৎসকরা বলছেন, আতঙ্কে তার মৃত্যু হতে পারে। গুলিতে নিহত দুইজন হচ্ছেন- ফারুক মোল্লা (৫৫) ও মো. আশরাফ মিঞা (৫০)। নিহত অপরজন নূরউদ্দীন সরকার জুয়েল (৩৫) ফারুকের দেহরক্ষী। এলসি ফারুক নামে পরিচিত ফারুক মোল্লা জাতীয় পার্টির এবং আশরাফ আওয়ামী লীগের স্থানীয় নেতা। কারওয়ান বাজারে তাদের ফলের আড়ত ও ব্যবসা প্রতিষ্ঠান আছে। এ ঘটনায় আব্দুর রহিম (৫৫) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। হোমিও চিকিৎসক রহিমের কারওয়ান বাজারে ফলের কয়েকটি আড়তও আছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারওয়ান বাজার ১ নম্বর ডিআইটি মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে চার-পাঁচজন সন্ত্রাসী ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও একজন আহত হয়। "ওই সময় কক্ষটি থেকে জুয়েল দৌড়ে পাশের মাছের বাজারের সামনে গিয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।" ঘটনার পর কক্ষটিতে চেয়ার ওলট-পালট, কয়েকটি পানির গ্লাস ভাঙা এবং মেঝেতে ছোপ ছোপ রক্ত দেখতে পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢামেক হাসপাতাল প্রতিনিধি জানান, জুয়েলের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আতঙ্কে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ফারুক মোল্লার আত্মীয় মো. নান্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফারুক মোল্লা জাতীয় পার্টির স্থানীয় নেতা ও কারওয়ান বাজার ফল আড়ত মালিক সমিতির সভাপতি। আশারাফ মিঞা ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তার বাসা কাঁঠাল বাগানে। মার্কেটের নিরাপত্তা প্রহরী জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে ডিউটি করার পর থেকে তিনি মালিক সমিতির কার্যালয় কক্ষের মধ্যেই ঘুমিয়ে ছিলেন। তিনি বলেন, "গুলির শব্দে জেগে দেখি, কয়েকজন অল্পবয়সী যুবক রুমে ঢুকে পিস্তল দিয়ে গুলি করছে। একটু পরে আশপাশের জনতা ধর ধর বলে চিৎকার দিলে তারা বেরিয়ে যায়।" জাকির জানান, হামলাকারীরা একটি সাদা রঙের মাইক্রোবাসে করে চলে যায়। তিনি বলেন, "ফিরে এসে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখি। এর মধ্যে শুধু রহিম জীবিত ছিলেন।" পাশের এক দোকানের কর্মচারী শাহ জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলি হওয়ার সময় তিনি দোকানে বসে খাচ্ছিলেন। শব্দ শুনে বাইরে তাকিয়ে দেখেন ২০-২৫ বছর বয়সী ৫-৬ জন ছেলে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে। জালাল জানান, তিনি তাদের দিকে তাকালে তারা তাকে সামনে এগুলে গুলি করার হুমকি দেয়। এর মাঝে আশপাশের লোকেরা চিৎকার শুরু করলে তারা দৌড়ে একটি মাইক্রোবাসে উঠে পালিয়ে যায়। জনতার ইটে মাইক্রোবাসটির পেছনের কাচ ভেঙ্গে যায় বলে জানান তিনি। ওসি মাহবুবুর রহমান তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কোনও কারণ জানাতে পারেননি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যবসায়ীরা জানান, ব্যবসায়িক দ্বন্দ্ব ও মার্কেটের আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটতে পারে। ফারুক মোল্লার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজিতে মদদ দেওয়ার অভিযোগ আছে। তারা আরও জানান, র‌্যাবের 'ক্রসফায়ারে' নিহত সন্ত্রাসী পিচ্চি হান্নান ফারুকের ঘনিষ্ঠ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/এসএম/এজে/এমআই/১৮০০ ঘ.