২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পুঁজিবাজার ও বন্ড থেকে বিদ্যুৎ খাতের অর্থ সংগ্রহের চিন্তাভাবনা'

বিদ্যুৎ খাতের উন্নয়নে পুঁজিবাজার থেকে ও বন্ড ইস্যুর মাধ্যমে সরকার অর্থ সংগ্রহের কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী। বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত 'এনার্জি: ইস্যু, চ্যালেঞ্জ অ্যান্ড অপশন ফর বাংলাদেশ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 06:22 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ খাতের উন্নয়নে পুঁজিবাজার থেকে ও বন্ড ইস্যুর মাধ্যমে সরকার অর্থ সংগ্রহের কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী। বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত 'এনার্জি: ইস্যু, চ্যালেঞ্জ অ্যান্ড অপশন ফর বাংলাদেশ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। তৌফিক-ই-ইলাহি বলেন, "বিদ্যুতের উৎপাদন, পরিচালন ও সঞ্চালনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এ অর্থ বাজেট থেকে আসবে। সরকার যে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের প্রস্তাব করেছে সেখানে বেসরকারি খাতে দেশ বা বিদেশ থেকে অর্থ আসতে পারে। এটির উদ্দেশ্য হলো একটি প্লাটফর্ম তৈরি করা যেখানে সরকার অর্থ দেবে।" সব খাত সমন্বয়ের মাধ্যমে বিদ্যুৎ খাতে অর্থায়ন সম্ভব বলে তিনি মনে করেন। এ প্রসঙ্গে তৌফিক-ই-ইলাহি চৌধুরী বলেন, "এটি একটি বড় চ্যালেঞ্জ। তবে আমাদের সরকারের ওপর দেশে এবং বিদেশে যে আস্থা আছে, আশা করি লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হবো।" প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। আমরা আমাদের স্থানীয় পুঁজিবাজার থেকেও টাকা ওঠাতে সক্ষম হবো। দেশে-বিদেশে বন্ড ইস্যু করে টাকা ওঠাতে পারবো। এভাবে কোটি কোটি টাকা ওঠানো সম্ভব হয়। আমাদের বাংলাদেশীরা যারা বিদেশে আছে তারাও এ বন্ডে বিনিয়োগ করতে পারবে।" সেমিনারে মূল্য প্রবন্ধে পেট্রোবাংলার সাবেক পরিচালক মকবুর ই ইলাহী বলেন, "প্রয়োজনীয় উদ্যোগ নিলে ২ থেকে ৪ টিসিএফ সম্ভাব্য মজুদকে উত্তোলনযোগ্য ও প্রমাণিত মজুদে পরিণত করা সম্ভব। যদি তা হয়, তাহলে সেটি হবে বর্তমান সঙ্কটে বাংলাদেশের জন্য বড় ধরনের অর্জন।" সেমিনারে আরও বক্তব্য রাখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শওকত আকবর, বুয়েটের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ও মিনারেল রিসোর্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক আমিনুল হক ও বিসের মহাপরিচালক মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এইচএ/২৩৪০ ঘ.