চট্টগ্রাম, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আসামির আঘাতে এক পুলিশ কন্সটেবল আহত হয়েছেন।
আহত পুলিশ কন্সটেবল নাসির উদ্দিনকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে সুস্থ আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে বন্দি বহনকারী গাড়িতে আসামিদের তোলার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি বাধে। সে সময় হত্যা মামলার আসামি আবদুল আলী ওরফে বাল্লাইয়া এক পুলিশ কন্সটেবলকে এন্টি-কাটার দিয়ে আঘাত করে।
তবে আদালত পুলিশ বলছে, বন্দি বহনকারী গাড়িতে তোলার সময় আসামিদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে আবদুল আলীর হ্যান্ডকাফের আঘাতে নাসির আহত হন।
পুলিশ জানায়, আসামি বাল্লাইয়ার বিরুদ্ধে ২০০০ সালে নগরীর ডবলমুরিং এলাকার মিন্টু নামে এক ব্যবসায়ী হত্যার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ মামলার শুনানি ছিল। এছাড়া তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম কারাগারে বন্দিদের ফিরিয়ে নেওয়ার জন্য গাড়িতে তোলার সময় বাল্লাইয়ার সঙ্গে অন্য বন্দিদের হাতাহাতি শুরু হয়।
পুলিশ তাদের থামাতে গেলে বাল্লাইয়্যার হ্যান্ডকাফের আঘাতে নাসির সামান্য আহত হন।
নাসির বর্তমানে তার দায়িত্ব পালন করছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিআর/২০৪০ ঘ.
bdnews24