২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বাসচাপায় স্কুলশিশু নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কাশেম জুট মিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 09:51 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

চট্টগ্রাম, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কাশেম জুট মিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে স্থানীয়রা আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বলে পুলিশ জানায়। নিহতের নাম রবিউল হাসান রাফি (৬)। সে এলাকার এম এ কাশেম রাজা স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। দুর্ঘটনায় রাফির সহপাঠী সোনিয়া আক্তার (৫) গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশের সার্জেন্ট আমীর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুল শেষে বেলা ১১টার দিকে তিন সহপাঠী একত্রে রাস্তা পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে মীরসরাইগামী চয়েস পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। তিনি জানান, এতে ঘটনাস্থলে রাফির মৃত্যু হয় এবং তার দুই সহপাঠী আহত হয়। আহত সোনিয়াকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সার্জেন্ট ফারুক জানান, দুর্ঘটনার পর স্কুলটির শিক্ষার্থী এবং স্থানীয়রা বাসটি পুড়িয়ে দেয়। ওই সময় তারা মহাসড়ক অবরোধ করে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের অন্যতম ব্যস্ত ওই সড়কে আধা ঘণ্টা অবরোধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। নিহত রাফির বাবার নাম নুরুল আলম বাদশা। সোনিয়ার বাবার নাম জাহাঙ্গীর আলম। আহত অপর জনের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় হতাহতদের সবার বাড়ি উপজেলার কেশবপুর গ্রামে। নিহত রাফির লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এমআই/১৫৪৫ ঘ.